লাইফ সাপোর্টে সেলিম খান, গভীর রাতে হাসপাতালে বিষণ্ন সালমান

বাবা সেলিম খানের অসুস্থতার খবর পেয়ে শুটিং ছেড়ে দ্রুত হাসপাতালে পৌঁছান সালমান খানকোলাজ

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন ও ভক্তমহলে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গতকাল মঙ্গলবার তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে ছড়িয়ে পড়ে, তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার পর তাঁর মস্তিষ্কের ডান পাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, একটি রক্তনালি ফেটে যাওয়ার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে তাঁর অবস্থা ‘স্থিতিশীল’ বলা হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ (বুধবার) তাঁর অস্ত্রোপচার হতে পারে বলেও জানানো হয়েছে।

চিকিৎসক দলের মধ্যে রয়েছেন নিউরোলজিস্ট বিনয় চাভান, কার্ডিওলজিস্ট অজিত মেনন, নিউরোসার্জন নীতিন ডাঙ্গে ও চিকিৎসক বিনীত আহলুওয়ালিয়া। চিকিৎসক জালিল পার্কার জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টায় সেলিম খানের শারীরিক অবস্থার বিষয়ে নতুন আপডেট দেওয়া হবে। একই সময়ে সালমান খানের টিম থেকেও বিবৃতি আসতে পারে বলে জানা গেছে।

গভীর রাতে হাসপাতালে সালমান
বাবার অসুস্থতার খবর পেয়ে শুটিং ছেড়ে দ্রুত হাসপাতালে পৌঁছান সালমান খান। গভীর রাতে হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে স্পষ্টতই উদ্বিগ্ন ও বিষণ্ন দেখাচ্ছিল। পরিবারের সদস্যদের প্রায় সবাই হাসপাতালে উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আরবাজ খান, শুরা খান, হেলেন, সালমা খান, আলভিরা, অর্পিতা, অতুল অগ্নিহোত্রী, আয়ুষ শর্মা এবং পরিবারের অন্য সদস্যরা।

বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান
এক্স থেকে

সেলিম খানের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন জাভেদ আখতার ও সঞ্জয় দত্ত। ইন্ডাস্ট্রির আরও অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

‘সেলিম-জাভেদ’ এক সোনালি অধ্যায়
৯০ বছর বয়সী সেলিম খান হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী চিত্রনাট্যকার হিসেবে বিবেচিত। জাভেদ আখতারের সঙ্গে তাঁর ‘সেলিম-জাভেদ’জুটি সত্তরের দশকে মূলধারার হিন্দি সিনেমায় আমূল পরিবর্তন আনে।
তাঁদের কলম থেকে এসেছে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জঞ্জির’ও ‘ডন’-এর মতো মাইলফলক চলচ্চিত্র। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান ঘটে, যা পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।

পরিবারের সবার সঙ্গে সালমান খান
ফাইল ছবি

বর্তমানে সেলিম খানকে ঘিরে উৎকণ্ঠা কাটেনি। বেলা ১১টায় চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য আপডেট দেওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। নতুন তথ্য সামনে এলে তা হালনাগাদ করা হবে।