ভিন্ন ধর্মে বিয়ে, ‘লাভ জিহাদ’-এর অভিযোগে মুখ খুললেন আমির খান

রীনা দত্ত, কিরাণ রাও, গৌরী স্প্র্যাট ও আমির খান। কোলাজ

বলিউড সুপারস্টার আমির খান ৫ জুলাই তাঁর সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এটি তাঁর তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকেই কয়েকজন রাজনীতিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্য তাঁর সমালোচনা শুরু করেন। অনেকে এ বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে আখ্যা দেন। এবার এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আমির খান।

এদিকে গত মঙ্গলবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করার ঘটনায় অভিনেতা আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পারসোনাল দারুল ইফতার শাহি প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এ বিয়েতে আপত্তি জানিয়েছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনার জবাব দিয়েছেন এই বলিউড সুপারস্টার।

এক সাক্ষাৎকারে আমির বলেন, তাঁদের পরিবারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি।

দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান
এক্স থেকে

রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগের জবাবে আমির বলেন, ‘সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়। আমার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে।’

আরও পড়ুন

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে আমির আরও বলেন, ‘গৌরী স্প্র্যাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত—কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন। সময়ের সঙ্গে জীবন আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।’
আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তর সঙ্গে। তাঁদের দাম্পত্য ছিল ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। সেই সম্পর্কের ইতি ঘটে ২০২১ সালে।

আরও পড়ুন

সর্বশেষ ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে আয়োজিত এক ব্যক্তিগত অনুষ্ঠানে ৪৭ বছরের গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছরের আমির খান। এই দম্পতির প্রথম পরিচয় হয়েছিল প্রায় ২৫ বছর আগে। বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে প্রায় দুই বছরের কিছু বেশি আগে তাঁদের আবার যোগাযোগ হয়।
গত বছরের মার্চে নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির মুম্বাইয়ের বিনোদনজগতের গণমাধ্যমের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন।

আমির-গৌরীর বিয়েটি ছিল একান্ত ঘরোয়া আয়োজন, যেখানে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্রজগতের নির্বাচিত কয়েকজন। আমিরের সন্তান জুনাইদ খান ও ইরা খান, পাশাপাশি ইরার স্বামী নূপুর শিখারেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিদের তালিকায় আরও ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, রাজনীতিক রাজ ঠাকরে, চলচ্চিত্র নির্মাতা অশুতোষ গোয়ারিকর, চিত্র পরিচালক রাজকুমার হিরানি, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, কৌতুকশিল্পী বীর দাস এবং অভিনেত্রী এলি আভরাম।