যমজ সন্তানের মা-বাবা হলেন আনুশকা-আদিত্য

যমজ কন্যাসন্তানের মা–বাবা হয়েছেন আনুশকা-আদিত্যইনস্টাগ্রাম থেকে

‘তুম বিন ২’ অভিনেতা আদিত্য সিল এবং অভিনেত্রী আনুশকা রঞ্জনের ঘরে এসেছে দ্বিগুণ আনন্দ। যমজ কন্যাসন্তানের মা–বাবা হয়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই বলিউড দম্পতি। একই সঙ্গে দুই মেয়ের নামও জানিয়েছেন তাঁরা।
ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন আদিত্য সিল। পোস্টে তিনি জানিয়েছেন, তাঁদের যমজ কন্যাসন্তানের জন্ম হয়েছে ২৩ আগস্ট। তাঁদের নাম রাখা হয়েছে ভীরা রঞ্জন সিল ও মাহি রঞ্জন সিল। পোস্টে দুই শিশুকন্যার ছবিসংবলিত একটি কার্ডও শেয়ার করেছেন তিনি। কার্ডের নিচে লেখা রয়েছে আদিত্য ও আনুশকার নাম।

ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তাও লিখেছেন আদিত্য। তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা ভীষণ খুশি। আমার আদরের মেয়েরা আমাদের জীবন আলোকিত করতে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। ভীরা, মাহি, টিম গার্ল।’

চলতি বছরের মে মাসে তাঁদের মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন
ইনস্টাগ্রাম থেকে

বলিউডের পরিচিত এই দম্পতি চলতি বছরের মে মাসে তাঁদের মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন। বিয়ের চার বছর পর আনুশকা অন্তঃসত্ত্বা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু সুন্দর ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছিলেন তাঁরা।

২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা
ইনস্টাগ্রাম থেকে

২০১৭ সালের ২৬ জুন আনুশকা আর আদিত্যর প্রথম সাক্ষাৎ হয়। আনুশকার এনজিও ‘বেটি’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল তাঁদের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাঁদের সংসারে এল যমজ কন্যা ভীরা ও মাহি।