আশা ভোসলের সঙ্গে শেষ দেখায় কী কথা হয়, জানালেন সায়রা বানু
গতকাল মারা গেছেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। মৃত্যুর মাসখানেক আগেও আশা ভোসলের সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুর। স্মৃতির সাগরে ডুব দিয়ে শেষ সাক্ষাৎ নিয়ে কী বললেন আশার বান্ধবী?
পবিত্র রমজান মাস চলাকালে একটি অনুষ্ঠানে দুজনের সাক্ষাৎ হয়। অনেকক্ষণ তাঁরা একসঙ্গে কথাবার্তাও বলেন। সেই সময়ই আশাজির শরীরে ক্লান্তির ছাপ। তাঁর চেহারার দুর্বলতায় মন খারাপ হয়েছিল সায়রা বানুর।
সাক্ষাৎকারে সায়রা বানু বলেন, ‘রমজান মাসেই আমাদের কথা হয়েছিল। আমি তাঁর একটি সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে রমজান, ঈদ এবং রোজার প্রতি ভালোবাসার কথা বলছিলেন। আমি সেটা শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম। সে জন্যই ফোন করেছিলাম যে ওঁর সঙ্গে এগুলো নিয়েই একটু কথা বলব। ওটাই ছিল আমাদের শেষ কথা। তখন বুঝতেই পারিনি যে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়বেন। এটা আমার কাছে ভীষণ অপ্রত্যাশিত একটি ঘটনা।’ আরও যোগ করেন, ‘আমার যত দূর মনে পড়ছে, একটি অনুষ্ঠানে সম্ভবত অর্জুন টেন্ডুলকারের বিয়েতে দেখেছিলাম। তখন খুব দুর্বল দেখাচ্ছিল। ওখানেই শেষবার দেখেছিলাম। ওঁর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। ভাবতেই পারিনি যে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বেন।’
’সায়রার আরও সংযোজন, ‘আশা ও লতাজি আমাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। দিলীপ সাহেব এবং আমার ওঁদের সঙ্গে অনেক সুখের স্মৃতি রয়েছে। আমরা তো একেবারে সেই পুরোনো দিনের, ধ্রুপদি মনের মানুষ। গান, খাওয়াদাওয়া নিয়ে অনেক আড্ডা হতো।’
বন্ধুকে হারানোর যন্ত্রণা ভাগ করে সায়রা বলেন, ‘আশা ভালো খাবারের বিষয়ে ভীষণ শৌখিন ছিলেন। ওঁর একটি রেস্তোরাঁও আছে। যদিও আমি কখনো ওঁর রান্না খাইনি, কিন্তু আশাজি আর লতাজি আমাদের বাড়িতে খেতে আসতেন। একজন বন্ধুকে হারানোর কী ভয়ংকর অনুভূতি! যাঁদের ভালোবাসি তাঁদের হারানো সত্যিই খুব বেদনাদায়ক।’
হিন্দুস্তান টাইমস অবলম্বনে