কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, স্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে ‘রকি ভাই’ বললেন...

কিয়ারা, যশ ও রাধিকা। কোলাজ

দক্ষিণ ভারতীয় তারকা যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই আলোচনায়। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এবার সেই বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন যশ। একই সঙ্গে জানালেন, এসব দৃশ্য দেখে স্ত্রী ও অভিনেত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী ছিল।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কী আদালত’-এ হাজির হয়ে যশ বলেন, এমন দৃশ্য নিয়ে যে কোনো দম্পতির মধ্যেই অস্বস্তি কাজ করা স্বাভাবিক। তিনি বলেন, ‘আমি মিথ্যা বলতে চাই না। প্রত্যেক সঙ্গীরই এমন অনুভূতি হয়। কিন্তু দিনের শেষে বুঝতে হবে, এটি অভিনয়। এটি একটি শিল্প, আর আমরা যে গল্পটি বলতে চাই, তার প্রয়োজনে এসব দৃশ্য এসেছে।’

‘টক্সিক’–এ কিয়ারা ও যশ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

যশ জানান, ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্যগুলো তিনি ব্যক্তিগত পছন্দের কারণে করেননি; বরং গল্পের প্রয়োজনেই নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি স্বাভাবিকভাবে খুব সংরক্ষিত মানুষ। কিন্তু একজন অভিনেতা হিসেবে চরিত্রের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়। গল্প যদি তা দাবি করে, তাহলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়।’

রাধিকা পণ্ডিতও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় তিনি অভিনয় ও বাস্তব জীবনের পার্থক্য ভালোভাবেই বোঝেন বলে জানান যশ। তিনি বলেন, ‘রাধিকা জানে, পর্দায় যে মানুষটিকে দেখা যায়, তিনি চরিত্র। আর বাড়িতে যে মানুষটি থাকে, সে আমি। এই বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

যশ ও রাধিকা। ইনস্টাগ্রাম থেকে

তবে তিনি স্বীকার করেন, বোঝাপড়া থাকলেও আবেগের জায়গা থেকে অস্বস্তি পুরোপুরি দূর হয় না। কারণ, সম্পর্কের ক্ষেত্রে এমন অনুভূতি খুবই মানবিক।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এটি যশের কেজিএফ সিরিজের পর অন্যতম বড় প্রকল্প। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়াসহ আরও অনেকে।

আরও পড়ুন

ছবির ট্রেলার প্রকাশের পর এর গাঢ় আবহ, রোমান্টিক মুহূর্ত এবং সহিংসতার মিশ্রণ দর্শকদের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অনলাইনে নানা আলোচনা শুরু হয়। সেই বিতর্কের জবাব দিয়েই যশ স্পষ্ট করে জানিয়েছেন, একজন অভিনেতা হিসেবে তিনি চরিত্রের প্রতি সৎ থাকতে চান। ব্যক্তিগত অস্বস্তি থাকলেও শিল্পের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিয়েছেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ আগস্ট।

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘রকি ভাই’ চরিত্র করে রাতারাতি পরিচিতি পান কন্নড় সিনেমার তারকা যশ। ‘কেজিএফ’–এর সাফল্যের পর ‘টক্সিক’ দিয়েই নতুনভাবে ফিরছেন তিনি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে