সাহানার আক্ষেপ, সাহানার লক্ষ্য
২০০৬ সালে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সাহানা গোস্বামী। আর ২০০৮ সালেই তাঁর ঝুলিতে ঢুকে রক অন-এর মতো সুপারহিট ছবি। তবে ১৭ বছরের ক্যারিয়ারে বড় পর্দার চেয়ে ওটিটিতেই তিনি বেশি সফল। এবার মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘নিয়ত’। অনু মেনন পরিচালিত এই ছবিতে বিদ্যা বালান, রাম কাপুর, রাহুল বোসের মতো অভিনেতারা আছেন। এই ছবিতে ধনী পরিবারের মেয়ে ‘লিজা’র ভূমিকায় অভিনয় করেছেন সাহানা।
সম্প্রতি সাহানা দৈনিক ভাস্কর পত্রিকাকে এক সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রের
প্রস্তুতির প্রসঙ্গে বলেছেন, ‘জনপ্রিয় টেলিভিশন শো মডার্ন ফ্যামিলিতে অভিনেত্রী সোফিয়া যে চরিত্রে অভিনয় করতেন, পরিচালক অনু চাইতেন ছবিতে আমার লুকটা যেন তাঁরই মতো হয়। মূলত আমার লুকের ওপরই আমাকে বেশি কাজ করতে হয়েছে। পর্দায় লিজা হয়ে উঠতে আমাকে চুল বড় করতে হয়েছে।
এই প্রথম আমি চোখে লেন্স পরে কাজ করেছি। অনু চেয়েছেন, আমাকে যেন অত্যন্ত ধনী পরিবারের মনে হয়। তাই পোশাক থেকে স্টাইল—সব দিক থেকেই নিজেকে সম্ভ্রান্ত দেখানোর প্রয়োজন ছিল।’ বিদ্যা বালানের সঙ্গে কাজ করে দারুণ মজা পেয়েছেন সাহানা। তিনি বলেছেন, ‘বিদ্যা খুবই সাদামাটা আর মাটির এক মানুষ। তিনি খুব হাসিখুশি থাকেন।’
সাহানার আক্ষেপ, তাঁর প্রতিভাকে যথাযথ ব্যবহার করা হয়নি। আজও নিজের অভিনয়সত্তা ঠিকমতো মেলে ধরতে পারেননি বলে মনে করেন তিনি। অভিনেত্রী হিসেবে আরও উন্মুক্ত হতে চান সাহানা।
তিনি বলেছেন, ‘একজন অভিনয়শিল্পী সব সময় ভালো গল্প আর চরিত্রের খোঁজে থাকেন। আমিও ব্যতিক্রম নই। কিন্তু অভিনেত্রী হিসেবে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অভিব্যক্তি আর আবেগকে আরও বেশি করে পর্দায় তুলে ধরতে চাই। নিজেকে আরও দায়িত্বশীল চরিত্রে দেখতে চাই। তবে পর্দায় আমার উপস্থিতি কতক্ষণ, তা নিয়ে মাথা ঘামাতে চাই না।’
সাহানা আরও বলেছেন, ‘আমাকে বৈচিত্র্যময় চরিত্র তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। আমাকে সাধারণত আধুনিক চরিত্রের জন্য বেশি ভাবা হয়েছে। আমি কৌতুকধর্মী চরিত্র ভালো পারি। কিন্তু আমাকে কেউ এ ধরনের চরিত্রের জন্য ভাবেন না। “নিয়ত” ছবির মাধ্যমে আরও বেশিসংখ্যক মানুষের কাছে আমি পৌঁছাতে চাই।’
৭ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘নিয়ত’। ক্রাইম-থ্রিলারধর্মী ছবিতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান।