নিজেকে নিংড়ে দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষি ছিল্লার
ছবি: ইনস্টাগ্রাম

ক্যারিয়ারের শুরুতে ইতিহাসের পাতার এক চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন মানুষি ছিল্লার। ‘পৃথ্বীরাজ’ ছবিতে রাজকন্যা সংযুক্তার ভূমিকায় অভিনয় করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এবার এক বাস্তব চরিত্রকে পর্দায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দীনেশ বিজান প্রযোজিত তেহরান ছবিতে দেখা যাবে মানুষিকে। ‘তেহরান’ তৈরি হচ্ছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ছবিতে মানুষিকে দেখা যাবে জন আব্রাহামের সঙ্গে। অ্যাকশনধর্মী এ ছবিতে মানুষির লুকও প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা। গ্ল্যামারবিহীন চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তা-ই নয়, জনের পাশাপাশি ছবিতে ভরপুর অ্যাকশন করতেও দেখা যাবে তাঁকে। ‘তেহরান’ মানুষির তৃতীয় ছবি।

মানুষি ছিল্লার
ছবি: ইনস্টাগ্রাম

নতুন এই ছবি সম্পর্কে মানুষি বলেন, ‘তৃতীয় ছবি চুক্তি করে রোমাঞ্চিত। প্রথম ছবি ‘পৃথ্বীরাজ’-এ অভিনয় দেখার পর অনেকেই আমাকে গুরুত্ব দিচ্ছেন। প্রথম ছবির ঐতিহাসিক চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছিলাম। এই সিনেমার জন্যও তা-ই করব। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিগুলো আমি খুবই পছন্দ করি।’ জন আব্রাহামের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘ছবিটিতে আমার ওপর ভরসা করার জন্য দীনেশ বিজান ও পরিচালক অরুণ গোপালনকে ধন্যবাদ জানাতে চাই। জন আব্রাহামের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ক্যারিয়ারের শুরুতেই এ ধরনের বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া সত্যি দারুণ ব্যাপার। অভিনেত্রী হিসেবে ছবিটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’

বিশ্বসুন্দরী হওয়ার পর মানুষি ছিল্লার
ছবি: এএফপি

‘তেহরান’-এ মানুষিকে দেখা যাবে সম্পূর্ণ এক নতুন ভূমিকায়। চরিত্রের ধরনের জন্য ছবিটি নিয়ে বেশি রোমাঞ্চিত অভিনেত্রী। তিনি বলেন, ‘আগামী দিনে আরও নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। ভালো ভালো ছবির অংশ হতে চাই। আমার বিশ্বাস, ‘তেহরান’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। চেষ্টা করব নিজের চরিত্রের সঙ্গে সুবিচার করতে। এ জন্য কঠোর পরিশ্রম করব, নিজেকে নিংড়ে দেব।’

রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা গেছে মানুষিকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তেহরান-এর আগে ভিকি কৌশলের সঙ্গে আরেকটি ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে চুক্তিবদ্ধ হন মানুষি। ‘ধুম থ্রি’ পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটির নাম ঘোষণা করা হয় গত বছর। জানা গেছে, ছবিটি হবে পুরোপুরি কমেডি ঘরানার। এ ছবি দিয়েই প্রথমবারের মতো কমেডি ছবিতে দেখা যাবে ভিকি কৌশল ও মানুষিকে। ইতিহাসনির্ভর, কমেডি ও অ্যাকশন—ক্যারিয়ারের প্রথম তিন ছবিতেই তিন রকমের বৈচিত্র্যপূর্ণ চরিত্র পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী। সব ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জিতে নজরে আসেন এই অভিনেত্রী। শুরুতেই চুক্তিবদ্ধ হন যশ রাজ ফিল্মসের ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত ছবিটি চলতি বছর মুক্তি পেলেও বক্স অফিসে সাফল্য পায়নি।

আরও পড়ুন