শাহরুখের উল্টো পথে সালমান
শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পরের ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ। ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খানকে দেখা যাবে। এতে শাহরুখ নিজেও অভিনয় করবেন। কেবল এটিই নয়, ছেলে আরিয়ান খানের প্রজেক্টও প্রযোজনা করবেন শাহরুখ।
শোনা যাচ্ছে, ছবিটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয়ও করবেন। নিজের পুত্র-কন্যাকে বলিউডে জায়গা করে দিতে শাহরুখ যখন মরিয়া, সালমান খান তখন নিয়েছেন উল্টো সিদ্ধান্ত। খবর কইমইডটকমের
ভাই আরবাজ খান প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। আবার ছোট বোনের স্বামী আয়ুষ শর্মাকে বলিউডে প্রতিষ্ঠিত করতে তাঁর সঙ্গেও ছবি করেছেন সালমান।
কিন্তু নিজের সিনেমার ব্যর্থতায় টনক নেড়েছে তাঁর। সিদ্ধান্ত নিয়েছেন আত্মীয়দের সঙ্গে আর কোনো সিনেমা করবেন না, অনুরোধে ঢেঁকিও গিলবেন না। চিত্রনাট্য পছন্দ হলেই কেবল সিনেমা করবেন।
বছর কয়েক আগে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ‘ইনশা আল্লাহ’ নামের একটি সিনেমা করার কথা ছিল সালমানের। ছবিতে তাঁর নায়িকা হওয়ার কথা ছিল আলিয়া ভাটের।
কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগে ছবিটি স্থগিত করা হয়। তখন ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, পরিচালকের সঙ্গে সৃজনশীল মতবিরোধের কারণে ছবিটি থেকে সেরে দাঁড়িয়েছেন সালমান।
নতুন খবর, আবারও বানসালির সঙ্গে ‘ইনশা আল্লাহ’ করবেন সালমান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কইমইডটকমকে অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘সালমান এখন আর রিমেক, আজেবাজে চিত্রনাট্যের ছবিতে অভিনয় করবেন না। পরিবারের সদস্যদের প্রযোজিত ছবিও করবেন না। সালমান এর মধ্যেই বানসালির সঙ্গে যোগাযোগ করেছেন। “ইনশা আল্লাহ” দুর্দান্ত গল্পের প্রেমের ছবি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি এ ধরনে সিনেমা করতে চান।’
সালমানকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। স্পাই-অ্যাকশনধর্মী এ ছবিতে তাঁর বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।