৪ নবীনকে আনছেন ১৪ বছর আগের নবীন
১৪ বছর আগে নিজেই ছিলেন নতুন মুখ। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে শুরু হয়েছিল বলিউডে তাঁর পথচলা। ১৪ বছর পর এবার অন্য ভূমিকায়, সেই আলিয়া ভাট প্রযোজক হিসেবে চার নতুন অভিনয়শিল্পী ও এক নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকের কাছে। ছবির নাম ‘ডোন্ট বি শাই’।
গত শুক্রবার মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বোন শাহীন ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া। নিজের অভিনয়জীবনের শুরুর দিন, প্রযোজক হিসেবে নতুন অভিজ্ঞতা থেকে জেন-জি প্রজন্মের শব্দ, কথায়-কথায় উঠে এল অনেক কিছু। বাদ গেল না ছোটবেলায় দুই বোনের খুনসুটির গল্পও।
ওদের থেকেও বেশি নার্ভাস
মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানকে দেওয়া হয়েছিল কলেজ ফেস্টের আবহ। ক্যান্ডি ফ্লস, গোলা, নুডলস থেকে প্রসাধনীর স্টল; রঙিন আবহে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল।
বোন শাহীনের সঙ্গে মঞ্চে এসে উপস্থিত গণমাধ্যমকে ধন্যবাদ জানান আলিয়া। এরপর আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটা আমাদের জন্য খুবই বড় একটি মুহূর্ত। চৌদ্দ বছর আগে একজন অভিনেত্রী হিসেবে আমার অভিষেক হয়েছিল। আর চৌদ্দ বছর পর আজ চারজন নতুন অভিনেতা এবং একজন নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিচ্ছি। সত্যি বলতে, এই মুহূর্তে ওদের থেকেও আমি বেশি নার্ভাস।’
কেন এতটা নার্ভাস, সেটাও জানালেন অভিনেত্রী, ‘আমার পেটে সত্যিই যেন প্রজাপতি উড়ছে। কারণ, আমি অভিনয় করতে ভালোবাসি। ক্যামেরার সামনে থাকতে ভালোবাসি। কিন্তু একজন প্রযোজক হিসেবে কাজ করার মধ্যে অন্য রকম একটা তৃপ্তি আছে। এটা আমাকে অন্য রকম আনন্দ দেয়। কারণ, একেবারে শুরু থেকেই আমরা এই ছবির জগৎ আর গল্পটা তৈরি করার সঙ্গে যুক্ত ছিলাম।’
হৃদয়ের খুব কাছের
নতুন প্রজন্মের কলেজজীবন, প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ডোন্ট বি শাই’। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক শ্রীতি মুখার্জি।
পরিচালকের সঙ্গে কাজ শুরুর গল্প জানিয়ে আলিয়া বলেন, ‘শ্রীতি প্রথম আমাদের কাছে এসে বলেছিল, “আমি এই ধরনের একটা ছবি বানাতে চাই।” তখন আমরা বলেছিলাম, “ঠিক আছে, চলো একসঙ্গে করি।”’
এরপর ছবিটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে। আলিয়া জানান, ছবির যাবতীয় উপকরণ এক শুক্রবার অ্যামাজনের কাছে পাঠিয়েছিলেন তাঁরা। পরদিন সকালেই অ্যামাজনের নিখিল মাদোক তাঁকে বার্তা পাঠিয়ে কথা বলতে চান।
আলিয়া বলেন, ‘“ডোন্ট বি শাই”-এর ওপর বিশ্বাস রাখার জন্য এবং ছবিটিকে এমন একটি দুর্দান্ত মঞ্চ দেওয়ার জন্য অ্যামাজনকে ধন্যবাদ। এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। আমার মনে হয়, সবাই এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। কারণ, বড় হয়ে ওঠার সঙ্গে যেসব বিষয় আসে, সেগুলোর মধ্য দিয়ে আমরা সবাই যাই।’
জীবন সব সময় পরিকল্পনা মেনে চলে না
অনুষ্ঠানে কথা প্রসঙ্গে নিজের জীবনদর্শনের কথাও বলেন আলিয়া। তাঁর ভাষ্যে, ‘আমার মনে হয়, কখনো কখনো জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কিন্তু হয়তো সেটাই আপনার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে ওঠে।’
পাশে বসা শাহীন যোগ করেন, ‘আমার মনে হয়, শেষ পর্যন্ত জীবনটা এলোমেলো, বিশৃঙ্খল। আর বড় হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবকিছু আগে থেকেই বুঝে ফেলা নয়; বরং নিজেকে নিজের মতো করে প্রকাশ করতে ভয় না পাওয়াটাই শিখতে হয়।’
ছেলেবেলার খুনসুটি
আড্ডায় আসে জেন-জি প্রজন্মের মধ্যে প্রচলিত ‘রেজবেইট’ শব্দটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাউকে রাগিয়ে দেওয়া বা উত্তেজিত করার মতো বক্তব্য বা বিষয় ছড়িয়ে দেওয়াকে সাধারণত ‘রেজবেইট’ বলা হয়।
শব্দটির অর্থ বোঝাতে গিয়ে ছোটবেলার গল্প শোনান আলিয়া। তাঁর দাবি, ছোটবেলায় শাহীন নানাভাবে তাঁকে খেপাতেন। আলিয়া বলেন, ‘রেজবেইট হলো ছোটবেলায় শাহীন আমার সঙ্গে যা করত। শাহীন আমাকে বলত, আলিয়া নাকি পার্লে-জির সঙ্গে ফ্রি এসেছিল। আমি সত্যিই আমার মা-বাবার সন্তান নই। আমার যখন চার বছর বয়স, তখন শাহীন এভাবেই আমাকে “রেজবেইট”করত।’
বোনের পুরোনো দুষ্টুমির গল্প শুনে হাসিতে মেতে ওঠে অনুষ্ঠানস্থল।
এবার নতুনদের পালা
আলিয়া ও শাহীন দুজনেই ‘ডোন্ট বি শাই’-এর প্রযোজক। তাঁদের প্রযোজনাপ্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছে রোমান্টিক-কমেডি ছবিটি।
ছবিতে চারজন নতুন অভিনয়শিল্পী আরুষি বাজাজ, পীযূষ খাতি, বিয়াঙ্কা অরোরা ও অংশ দুগ্গলকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
‘ডোন্ট বি শাই’ ২৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
প্রযোজনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত আলিয়া। তাঁকে সর্বশেষ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি আলফা-তে দেখা গেছে। আলিয়ার পরবর্তী বড় ছবি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবিতে তাঁর সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। একাধিকবার মুক্তির তারিখ বদলানোর পর পিরিয়ড ড্রামাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আসার কথা।