পছন্দের পোশাক না পেলে অদ্ভুত এক অবসাদ ঘিরে ধরে...
শিগগিরই মা হতে চলেছেন আলিয়া ভাট। অন্তঃসত্ত্বাকালীন এই ভ্রমণ চুটিয়ে উপভোগ করছেন তিনি। আর নিজের অনুভূতি থেকে হবু মায়েদের জন্য এক নতুন উদ্যোগ নিলেন এই বলিউড নায়িকা। আলিয়া আনতে চলেছেন হবু মায়েদের জন্য পোশাক।
পেশাগত ও ব্যক্তিগত দুই দিক থেকেই এক দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আলিয়া। তাঁর অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এদিকে আলিয়া অভিনীত ও তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বলিউডের সবচেয়ে দামি নায়িকার তালিকায় আলিয়ার নাম ওপরের দিকে আছে।
এদিকে মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি। তবে আগেই ছবির জগতের বাইরেও পা রেখেছেন এই বলিউড তারকা। নিজেকে যুক্ত করেছেন পোশাক ব্যবসার সঙ্গে। এর আগে শিশুদের পোশাক বাজারে নিয়ে এসেছিলেন তিনি।
এবার হবু মায়েদের কথা ভেবে পোশাকের নতুন ব্র্যান্ড চালু করতে চলেছেন আলিয়া। এই বলিউড অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হবু মায়েদের জন্য পোশাক আনছেন তিনি। আলিয়া তাঁর পোস্টে লিখেছেন, ‘দুই বছর আগে আমি শিশুদের পোশাকের ব্র্যান্ড শুরু করেছিলাম। তখন সবাই আমাকে প্রশ্ন করেছিল, এটা আমি কেন করছি। কারণ, আমার তো বাচ্চা নেই। এখন আমি হবু মায়েদের জন্য পোশাক নিয়ে আসতে চলেছি। মনে হয়, এখন আর আমাকে কেউ প্রশ্ন করবে না, আমি এটা কেন করছি।’ আলিয়া তাঁর পোস্টে আরও বলেছেন, ‘এর আগে কখনো মাতৃত্বকালীন পোশাক কিনিনি। কিন্তু এখন এ ধরনের পোশাক কেনাকাটা করছি। আমি সত্যি অভিভূত হয়েছি। আপনি ভাবতেই পারেন না যে অন্তঃসত্ত্বা হওয়ার পর আপনাকে দেখতে কেমন লাগবে। তখন পছন্দের পোশাক না পেলে অদ্ভুত এক অবসাদ ঘিরে ধরে।’
অন্তঃসত্ত্বাকালে আলিয়ার ফ্যাশন নেট–দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিচ্ছে। নানা ধারার পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘অ্যাড-অ্যা-মাম্মা’র তিনি প্রতিষ্ঠাতা ও কর্ণধার। ২০২০ সালের অক্টোবরে আলিয়া এই ব্র্যান্ডটি শুরু করেন। চলতি বছরই যাত্রা শুরু করেছে এই বলিউড অভিনেত্রীর প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশন।