ছাত্রছাত্রীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামা সেই ওয়াংচুকের পাশে তারকারা
২০০৯ সালে মুক্তি পাওয়া সেই ‘থ্রি ইডিয়টস’ ছবির কথা মনে আছে? রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে ফুংসুখ ওয়াংডুর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। ফুংসুখ বন্ধুমহলে ‘র্যাঞ্ছো’ নামে পরিচিত ছিল। র্যাঞ্ছো বইয়ের থেকে বেশি জীবন থেকে শেখায় বিশ্বাসী ছিল। নতুন নতুন প্রযুক্তি সৃষ্টির নেশায় মেতে থাকত র্যাঞ্ছো। সমাজকে নতুন কিছু দিতে চাইত সেই তরুণ। আমির অভিনীত চরিত্রটি লাদাখের প্রকৌশলী, শিক্ষাসংস্কারক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক দ্বারা অনুপ্রাণিত। ভারতীয় শিক্ষাব্যবস্থাকে বদলানো, আর ছাত্রছাত্রীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন সোনম। টানা ১৯ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। এর জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় বলিউডের একাধিক তারকা তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন এবং অনশন প্রত্যাহারের আবেদন করেছেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা তাঁর স্বাস্থ্যকে ঘিরে রীতিমতো উদ্বিগ্ন। বলিউডের কিছু শিল্পীরা সোনম ওয়াংচুককে ঘিরে পোস্ট করেছেন, তা এখানে তুলে ধরা হলো।
বিশাল দাদলানি
গায়ক ও সুরকার বিশাল দাদলানি একটি ভিডিও শেয়ার করে সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়েছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জেগে ওঠো ভারত। সোনম ওয়াংচুক আমাদের সবার জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য অনশন করছেন।’
অতুল কুলকার্নি
সোনম ওয়াংচুকের চলমান অনশনকে সমর্থন জানিয়ে এবার এক দিনের প্রতীকী অনশনে বসার ঘোষণা দিলেন অভিনেতা অতুল কুলকার্নি। তিনি জানান, ১৬ জুলাই নিজের বাড়িতেই তিনি এক দিনের অনশন পালন করবেন এবং সাধারণ মানুষকেও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অতুল কুলকার্নি বলেন, ‘সোনম ওয়াংচুকের সঙ্গে যা ঘটছে, তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁর কষ্টের সঙ্গে আমাদেরও সম্পর্ক থাকা জরুরি। তাই আমি ১৬ জুলাই নিজের বাড়িতেই এক দিনের অনশন করব।’
অতুল কুলকার্নি আরও বলেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি, তারা যেন সোনম ওয়াংচুকের সঙ্গে আলোচনায় বসে। আর আপনাদের কাছেও আবেদন, আপনারাও যে যেখানেই থাকুন, এক দিনের প্রতীকী অনশনের মাধ্যমে তাঁর প্রতি সংহতি প্রকাশ করুন।’
শিবাঙ্কিত পরিহার
একাধিক ওয়েব সিরিজে অভিনয় করা শিবাঙ্কিত পরিহারও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই ভিডিওতে তিনিও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানানোর কথা বলেছেন।
সায়াজি শিন্ডে
সায়াজি শিন্ডে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘বিপ্লব শুধু সহিংসতার মাধ্যমে আসে না, শান্তির পথেও আসতে পারে। আবারও সেটাই প্রমাণিত হচ্ছে। উপবাস দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। যাঁরা নিজেদের জন্য নয়, প্রকৃতি, হিমালয় এবং আগামী প্রজন্মের জন্য উপবাস করেন, তাঁদের কণ্ঠস্বর শোনা উচিত। আমি আন্তরিকভাবে সোনম ওয়াংচুকের এই শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানাই।’
অনুরাগ কশ্যপ
চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপও একটি পোস্ট শেয়ার করে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে।’
ফাতিমা সানা শেখ
সোনম ওয়াংচুকের অনশনের ১৯তম দিনে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আজ ইনস্টাগ্রামে আন্দোলনস্থল থেকে ওয়াংচুকের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আজ ১৯ দিন হয়ে গেল। অনেক দেরি হয়ে যাওয়ার পর তাঁর কথা শোনার অপেক্ষায় আমরা থাকতে পারি না। সোনম ওয়াংচুকের মতো একজন মানুষ, যিনি এই দেশের জন্য এত কিছু করেছেন, তাঁকে শুধু নিজের কথা শোনানোর জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিতে হওয়া উচিত নয়। রাজনৈতিক মতাদর্শ যা–ই হোক না কেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করা জরুরি। তাঁর মতো একজন মানুষকে এভাবে ধীরে ধীরে শারীরিকভাবে ভেঙে পড়তে দেখা সত্যিই খুব হৃদয়বিদারক।’
ফাতিমা আরও লেখেন, ‘আমি আশা করি, এই পরিস্থিতির সমাপ্তি হবে আলোচনার মাধ্যমে, সোনম ওয়াংচুককে হারিয়ে নয়। আজকের তরুণেরাই আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাঁদের পাশে দাঁড়ানো এবং একটি ন্যায্য ভবিষ্যতের অধিকারের পক্ষে সমর্থন জানানোই অন্তত আমাদের করা উচিত।’
সায়াজি শিন্ডের আগেই আরও অনেক তারকা সোনম ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এসেছিলেন এবং তাঁকেও অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন জিনাত আমান, রুবিনা দিলাইক, ওমি বৈদ্য, অভয় দেওল, চিন্ময়ী শ্রীপদা, শাবানা আজমি, ভুবন বাম, আশিস চঞ্চলানি, মুনাওয়ার ফারুকি, সোনি রাজদান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, অরুন্ধতী রায় এবং জয়তী ঘোষ।
এ ছাড়া অভিনেতা প্রকাশ রাজ, স্বরা ভাস্করসহ আরও অনেক তারকা যন্তর-মন্তরে পৌঁছে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
সিজেপির প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সম্প্রতি নিট, সিবিএসই, কুয়েট এবং এসএসসি পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরেই এই দাবি উঠেছে।
প্রশ্নপত্র ফাঁসের কারণে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী সমস্যার মুখে পড়েছেন। শুধু তা-ই নয়, প্রবল মানসিক চাপে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে, যা এই ইস্যুটিকে আরও গুরুতর করে তুলেছে।
লাদাখের সুপরিচিত প্রকৌশলী, উদ্ভাবকও
শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুকও এই আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। ১৮ দিনের মধ্যে ওয়াংচুকের সাড়ে আট কেজি ওজন কমে গেছে। তাঁর রক্তচাপ ও সুগার লেভেল কমের দিকে। ‘আইস স্তূপ’ প্রকল্পের জন্য পরিচিত ওয়াংচুক র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত। ওয়াংচুকের বক্তব্য, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি তাঁর অনশন চালিয়ে যাবেন।