স্বামী-স্ত্রীর ২৬ বছর বয়সের ব্যবধান—বলিউডের অসমবয়সী তারকা দম্পতিরা

বলিউডের অসমবয়সী তারকা দম্পতিরা। কোলাজ

বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যাঁদের বয়সের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। তবে বয়সের এই ফারাক তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি; বরং ভালোবাসা ও বোঝাপড়ার সঙ্গে তাঁরা দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বিভিন্ন সময় প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সঙ্গিনীর চেয়ে বয়সে বেশ বড়, এমন কয়েকজন বলিউড তারকাকে একনজর দেখে নেওয়া যাক।

সাইফ আলী খান ও কারিনা কাপুর
সাইফ আলী খান ও কারিনা কাপুরের বয়সের মধ্যে প্রায় ১০ বছরের ব্যবধান। কারিনা কাপুরকে বিয়ে করার আগে সাইফের বিয়ে হয়েছিল অভিনয়শিল্পী অমৃতা সিংয়ের সঙ্গে। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। ২০০৪ সালে সাইফ ও অমৃতার বিচ্ছেদ হয়।

এরপর ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। তাঁদের দুই পুত্রসন্তান হলো তৈমুর ও জেহ। সাইফ–কারিনা জুটিকে তাঁদের ভক্তরা ‘সাইফিনা’ বলে ডাকেন। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে তাঁদের নাম উঠে আসে।

কারিনা কাপুর ও সাইফ আলী খান। ছবি: ইনস্টাগ্রাম

রণবীর কাপুর ও আলিয়া ভাট
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করেন এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর–আলিয়া। তাঁরা অত্যন্ত সাদামাটাভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। এই দম্পতির বিয়েতে নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। নিজেদের ফ্ল্যাটের বারান্দায় রণবীর–আলিয়া চির বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২২ সালের নভেম্বরেই তাঁদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়।

আলিয়া ভাট ও রণবীর কাপুর। এএফপি

শহীদ কাপুর ও মীরা রাজপুত
বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম শহীদ কাপুর। ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন তিনি। শহীদ ও মীরার বয়সের মধ্যে ১৪ বছরের ব্যবধান। শহীদের বয়স ৪৫, আর মীরার বয়স ৩১। ২০১৬ সালে তাঁদের কন্যাসন্তান মিশা কাপুরের জন্ম হয়। এরপর ২০১৮ সালে মীরার কোল আলো করে আসে পুত্রসন্তান জেইন কাপুর। শহীদ–মীরা দম্পতি হিসেবে সব সময় সবার ভালোবাসা পেয়ে এসেছে।

সঞ্জয় দত্ত ও মান্যতা দত্ত
সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের বয়সের মধ্যে ১৯ বছরের ব্যবধান। সঞ্জয় দত্তের বয়স ৬৭ বছর, আর মান্যতার বয়স ৪৮ বছর। তাঁদের দুই সন্তানের নাম হলো শহরান দত্ত ও ইকরা দত্ত।
এর আগে ১৯৮৭ সালে অভিনয়শিল্পী রিচা শর্মাকে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। ১৯৮৮ সালে তাঁদের কন্যাসন্তান ত্রিশলা দত্তের জন্ম হয়। ১৯৯৬ সালে রিচা শর্মার মৃত্যু হয়। এরপর ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। ২০০৮ সালে তাঁদের মধ্যেও বিচ্ছেদ হয়।

আরবাজ ও শুরা খান। ইনস্টাগ্রাম থেকে

আরবাজ খান ও শুরা খান
বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান তাঁর চেয়ে ২৩ বছরের ছোট শুরা খানকে বিয়ে করেছেন। শুরা পেশায় রূপবিশেষজ্ঞ। ২০২৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালের অক্টোবরে কন্যাসন্তান সিপারার জন্ম দেন শুরা। তবে এটা আরবাজের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনয়শিল্পী–মডেল মালাইকা অরোরাকে ১৯৯৮ সালে তিনি বিয়ে করেছিলেন। তাঁদের একমাত্র পুত্রসন্তানের নাম আরহান খান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।

মিলিন্দ সোমান ও অঙ্কিতা কনওয়ার। ইনস্টাগ্রাম থেকে

মিলিন্দ সোমান ও অঙ্কিতা কনওয়ার
অভিনেতা ও মডেল মিলিন্দ সোমান ও অঙ্কিতা কনওয়ারের বয়সের ব্যবধান প্রায় ২৬ বছর। দুজনের বয়সের এতটা ফারাক নিয়ে একসময় অনেক আলোচনা হলেও তাঁরা সেসবকে কখনোই তাঁদের সম্পর্কে প্রভাব ফেলতে দেননি। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন মিলিন্দ ও অঙ্কিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়ই দেখা যায়। বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবও বিভিন্ন সময়ে নিজেদের মতো করে দিয়েছেন তাঁরা।