মহেশ ভাট যৌন হয়রানি করেছিলেন? সত্যটা জানালেন পাকিস্তানি অভিনেত্রী
দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে মহেশ ভাটের। এবার পাকিস্তানি অভিনেত্রী মিরার মন্তব্য নিয়ে হইচই! এই অভিনেত্রীই নাকি একসময় মহেশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। এবার আরও একবার আতশি কাচে মিরার সাম্প্রতিক মন্তব্য।
সালটা ২০০৫। মুক্তি পায় মহেশ ভাট পরিচালিত ছবি ‘নজর’। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে পাকিস্তানি অভিনেত্রী মিরার। সেই সময়ই কি তাঁকে যৌন নিগ্রহ করতেন বর্ষীয়ান পরিচালক? দুই দশক পর মুখ খুললেন নায়িকা।
‘নজর’ ছবিটি যখন মুক্তি পায়, সেই সময় রটে গিয়েছিল মহেশ ভাট নাকি মিরাকে যৌন নিগ্রহ করেন! এই পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে মহেশ ভাট নাকি খুবই আগ্রহী ছিলেন।
এই মুহূর্তে মিরা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সাইকো’র প্রচারে। সেই পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে মহেশ ভাটের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিরা জানান, তিনি যখন আলিয়াদের বাড়িতে যেতেন, সব সময় একটা সুখী পরিবারকেই দেখেছেন। সেই সূত্রে আলিয়া ভাটের সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে।
মিরা বলেন, ‘আসলে তাদের পরিবারকে সব সময় হাসিখুশি দেখেছি। ছবিটা করার পর খুবই প্রশংসা করেছিলেন। আমি আর আলিয়া তো একসঙ্গে ঘুমাতামও। আলিয়া খুবই বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনাতেও খুব ভালো ছিল।’ কিন্তু সত্যিই কি মহেশ ভাট মিরাকে
যৌন নিগ্রহ করতেন?
মিরার দাবি, তাঁদের দুজনকে নিয়ে রটা সব কথাই আদতে ভিত্তিহীন। পাকিস্তানি অভিনেত্রী বলেন, ‘মহেশ ভাট আমাকে মোটেই যৌন নিগ্রহ করতেন না। বরং আমাদের মধ্যে সন্তান, বাবার সম্পর্ক। মহেশ ভাট আমার কাছে পিতৃতুল্য। এখনো আমাদের সুসম্পর্ক রয়েছে। রয়েছে যোগাযোগও।’
অভিনেত্রীর এই বয়ান পরিবর্তনের পর নেটপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি তখন প্রচারের আলো পেতেই এমন অভিযোগ করেছিলেন তিনি?
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নজর’ ছবিটিতে মিরার সঙ্গে ছিলেন আলী খান, অস্মিত প্যাটেল, নীনা গুপ্তা, কোয়েল পুরী, প্রমুখ।
এই সাক্ষাৎকারেই মিরা ভাট পরিবারের সাহায্যও চেয়েছেন। তিনি জানান, পূজা ভাটের পরিচালনায় একটি ছবি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী। যে সিনেমার নাম ‘সোহরত’। সেই ছবির কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। সেটা যাতে দ্রুত শেষ করা যায়, সেই জন্যই ভাট পরিবারের সাহায্য চেয়েছেন তিনি।
এনডিটিভি অবলম্বনে