আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা রাত পর্যন্ত কাজ করছেন

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে আবারও আসতে চলেছে নতুন অতিথি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে আসে প্রথম সন্তান কন্যা দুয়া। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁরা। আবার সেপ্টেম্বরেই সুখবর দেওয়ার কথা দীপিকার। এরই মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের আসন্ন ছবি ‘রাকা’র শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

‘ফিল্মফেয়ার’-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটির প্রযোজনা দলের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, দীপিকা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আগামী মাসেই তিনি সন্তানের জন্ম দেবেন। এর মধ্যেও তিনি ‘রাকা’র শুটিং চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রয়োজন হলে গভীর রাত পর্যন্ত শুটিং করছেন বলেও জানা গেছে। দ্বিতীয় সন্তানের জন্মের আগে ছবিটির শুটিং শেষ করাই এখন দীপিকার অন্যতম লক্ষ্য। শুটিংয়ের সময় তিনি সেটে থাকছেন এবং প্রয়োজন হলে রাত পর্যন্ত কাজ করছেন। তাঁর কাজের প্রতি এই নিষ্ঠা দেখে ছবির কলাকুশলী ও দলের সদস্যরাও বিস্মিত এবং মুগ্ধ।

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অন্তঃসত্ত্বাবস্থার এ পর্যায়েও দীপিকা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে শুটিং দলের মধ্যে আলোচনা চলছে। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেও তিনি ছবির কাজ সময়মতো শেষ করার চেষ্টা করছেন। সেপ্টেম্বরের আগে ‘রাকা’র শুটিং শেষ করার জন্য মরিয়া এই অভিনেত্রী।

আরও পড়ুন

অ্যাটলির পরিচালনায় তৈরি হচ্ছে ‘রাকা’। এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন। অ্যাটলির ছবিতে দীপিকাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বিজ্ঞান কল্পকাহিনি এবং ফ্যান্টাসির মিশেলে তৈরি এই অ্যাকশনধর্মী ছবিটি বড় পরিসরে নির্মিত হচ্ছে। ছবিতে থাকবে বিপুল ভিজ্যুয়াল ইফেক্টস ও নজরকাড়া অ্যাকশন দৃশ্য।
বলা হচ্ছে, ২০২৭ সালের অন্যতম বড় মাপের প্যান-ইন্ডিয়া ছবি হতে যাচ্ছে ‘রাকা’। পর্দায় আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের নতুন জুটি দেখার জন্যও মুখিয়ে আছেন দর্শকেরা।