টানা আট রাত ধরে শুটিং! অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে মুক্তির আগে থেকেই নানা আলোচনা শোনা যাচ্ছে। এর আগে মুক্তি পাওয়া টিজারে ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এবার জানা গেল, সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন শাহরুখ। বিজয়া দশমী উৎসবের পটভূমিতে অ্যাকশন দৃশ্যটি ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমী শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা—সবকিছু মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ। সিনেমাটির সূত্র জানিয়েছে, সিনেমাটি দিয়ে আবারও দর্শকদের চমকে দিতে চান শাহরুখ। সে জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না।

‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে

এই দৃশ্য ধারণে শত শত জুনিয়র শিল্পী অংশ নেন। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। জানা গেছে, এই অংশে সুহানা খান নিজেই বেশ কিছু স্টান্ট দৃশ্য করেছেন, যা তাঁর চরিত্রের জন্য বেশ কঠিন শুটিং ছিল।

ছবিটি ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির নাম ‘কিং’ রাখার পরামর্শ দেন। পরে একই বছরের আগস্টে শাহরুখ নিজেই নিশ্চিত করেন, এটিই হবে তাঁর পরবর্তী সিনেমা।

‘কিং’ ছবিতে প্রথমবার একসঙ্গে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে দেখা যাবে
ইনস্টাগ্রাম থেকে

প্রথম দিকে ছবিটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। তবে পরে পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়।

আরও পড়ুন

তারকাবহুল ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয়ে থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। সুহানা খানের জন্য এটি বিশেষ একটি প্রকল্প। কারণ, ওটিটিতে মুক্তি পাওয়া ‘দ্য আর্চিজ’–এ অভিনয়ের পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।