খেলা দেখতে গিয়ে যে কারণে বিদ্রূপের শিকার শাহরুখ-কন্যা সুহানা
গত রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল মুম্বাই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ। আইপিএলের ম্যাচটি মাঠে বসে দেখেছেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খানের কন্যা সুহানা খান। ম্যাচটিতে মুম্বাইয়ের কাছে হেরে যায় কলকাতা। গ্যালারি থেকে গালাগাল করতে থাকেন। তাঁর গালাগালের ভিডিও ভাইরাল হতেই বিদ্রূপের শিকার সুহানা। খবর টাইমস অব ইন্ডিয়ার
মুম্বাইয়ের ক্রিকেটার ঈশান কিষানের আউট হওয়ার সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাইট সমর্থকেরা ফেটে পড়েছিলেন উচ্ছ্বাসে।
এক দর্শকের অভিযোগ, ওই সময়ে সুহানা গালাগালি করেন। তবে কাকে উদ্দেশ করে এ গালাগাল, তা বোঝা যায়নি। কারণ, ঈশান তো তাঁর প্রতিপক্ষ দলের খেলোয়াড়। তাতেও সমালোচনা হচ্ছে শাহরুখ-কন্যাকে ঘিরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ভিডিও দেখে অনেকে সুহানার কঠোর সমালোচনা করেছেন। কেউ আবার ক্রিকেট নিয়ে তাঁর প্যাশনের প্রশংসা করেছেন।
জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সুহানা খানের। কেবল তিনি নন, এতে আছেন শ্রীদেবীর কন্যা খুশি কাপুর আর অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যও। ‘দ্য আর্চিজ’ জনপ্রিয় কমিকের আধারে নির্মিত ছবি। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।