রাতে ছাত্রদের আন্দোলন থামানোর আহ্বান সালমান খান, অতঃপর...
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকা নিজেদের মত প্রকাশ করেছেন। বুধবার অভিনেতা সালমান খান ছাত্র আন্দোলনের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তবে পরে গতকাল রাতে তিনি আরেকটি পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভাঙার অনুরোধ করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন বলিউডের ভাইজান।
সালমানের পোস্ট
সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁর হাতে আছে ‘বিয়িং হিউম্যান’-এর একটি মগ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,
‘পড়াশোনা এবং নিরাপত্তা—দুই ক্ষেত্রেই শিক্ষার্থীরাই আমাদের প্রথম অগ্রাধিকার। তাই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে টুইট করেছেন এবং আমার বিশ্বাস, এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীদের বলছি, অনুগ্রহ করে আপনারা নিজেদের বাড়িতে, মা–বাবার কাছে ফিরে যান।’
একই পোস্টে সোনম ওয়াংচুককে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সোনম, এবার যথেষ্ট হয়েছে। বিষয়টিকে আর টেনে নিয়ে যেয়ো না। প্রয়োজন হলে এই মনোবল অন্য কোনো দিনের জন্য তুলে রেখো (যদিও আমার মনে হয়, তার দরকার পড়বে না)। কিছু খাও-দাও। চাইলে আমি বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিতে পারি।’
সালমানের বিরুদ্ধে ক্ষোভ
ছাত্রদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানানোর পর সালমান খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সালমান খানকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হয়েছে।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাই, আপনার এই পোস্ট আপনার গত তিনটি ছবির চেয়েও খারাপ।’
আরেক নেটিজেনের বক্তব্য, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট বুঝতে হলে আগে আপনার বিয়ে করে সন্তান নেওয়া উচিত।’
আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘সালমান খান ভাই তাঁর বক্তব্যও নিজের ছবির শিরোনামের মতো বদলে ফেলছেন। যেমন ‘ব্যাটল অব গালওয়া’-এর বদলে ‘মাতৃভূমি’ করা হয়েছে।’
আবার সমর্থনে ভক্তরা
অন্যদিকে, অনেক ভক্ত সালমান খানের সমর্থনেও মন্তব্য করেছেন। এদিকে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর ২৬ দিন ধরে চলা অনশন শেষ করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
এরপর সালমানের পোস্টের মন্তব্যে তাঁর ভক্তরা লিখেছেন, ‘ভাই যখন বলেছেন, তখন সেটাই করতে হবে।’