‘মীনাম্মা’এবার ‘লেডি সিংহাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
ফেসবুক

রোহিত শেট্টির সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’–এর জনপ্রিয় চরিত্র ‘মীনাম্মা’ হিসেবে পর্দায় দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। এবার একই পরিচালকের ছবি ‘সিংহাম অ্যাগেইন’-এ ‘লেডি সিংহাম’ হয়ে আসতে চলেছেন অভিনেত্রী। এ ছবিতে দীপিকার অভিনীত চরিত্রটির নতুন নতুন অনেক তথ্য উঠে এসেছে খবরে। এর আগে ‘সার্কাস’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নির্মাতা রোহিত শেট্টি ঘোষণা দিয়েছিলেন যে তাঁর ‘পুলিশ ইউনিভার্স’-এ নতুন এক নারী সদস্য আসছেন। সেই সদস্য আর কেউ নন, দীপিকা পাড়ুকোন।

‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির প্রাণভোমরা অজয় দেবগন। ‘সিংহাম অ্যাগেইন’-এর দায়িত্ব এবারও অজয়ের কাঁধেই থাকবে। দীপিকাকে দেখা যাবে অজয়ের বোনের ভূমিকায়, যেখানে তিনি নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। জানা গেছে, ছবির জন্য তাঁকে ৩৫ থেকে ৪০ দিন শুটিং করতে হবে। চলতি বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এ দুরন্ত অ্যাকশন করতে দেখা গেছে অভিনেত্রীকে।

আরও পড়ুন

রোহিতের সিনেমায়ও দীপিকাকে দুর্ধর্ষ অ্যাকশন করতে দেখা যাবে। এ জন্য তিনি এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন। দীপিকা ছাড়া এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক অ্যাকশন তারকা টাইগার শ্রফকে। ছবিটির শুটিংপূর্ব প্রাক্‌–প্রস্তুতি চলছে এখন। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু হবে। আগামী বছর আগস্টে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।

‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই কথা হচ্ছে রোহিত-দীপিকার আগের সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ নিয়েও।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। টুইটার

কারণ, ৮ আগস্ট ছবিটি মুক্তির ১০ বছর পূর্ণ হয়েছে। সুপারহিট এই ছবির এক দশক পূর্তি উপলক্ষে দীপিকা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দীপিকা ও রণবীর সিংকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই তারকা দম্পতিকে চেন্নাই ‘এক্সপ্রেস’ ছবির একটি জনপ্রিয় সংলাপ বলতে শোনা যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘অনেকে বলেন, একজন অভিনেতার জন্য সবচেয়ে কঠিন ঘরানা হলো কমেডি। যখন “চেন্নাই এক্সপ্রেস”-এর প্রস্তাব পাই, জানতাম সামনে এক কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। মীনাম্মাকে বুঝতে একটু সময় লেগেছে। চরিত্রটি বুঝে ওঠার এই প্রক্রিয়া সহজ ছিল না। শেষ পর্যন্ত যে এমন এক চরিত্র আমি সৃষ্টি করতে পেরেছি, যে জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ, এটা এমনই এক চরিত্র, যা সিনেমার পর্দা থেকে বাস্তবে নেমে এসেছে।’