অক্ষয় কুমারের ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

আজ ৯ সেপ্টেম্বর বলিউড তারকা অক্ষয় কুমারের ৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টার দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আমার বয়সের সুবর্ণজয়ন্তী। এই ছবির নামেও আছে সেই বার্তা!’ পোস্টারে রয়েছে অলিম্পিক গেমসের সোনার পদকে অক্ষয় কুমারের মুখ। তার ওপর লেখা, ‘১৪তম অলিম্পিয়াড লন্ডন ১৯৪৮।’ ছবির নামের পেছনে আছে একটি স্টেডিয়াম। ট্যাগলাইনে রয়েছে, ‘একটি স্বপ্ন এক সুতোয় গেঁথেছে পুরো জাতিকে।’

এদিকে নিজের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অক্ষয় কুমার বলেছেন, ‘৫০তম জন্মবার্ষিকীতে পৌঁছে আমি উচ্ছ্বসিত। এখন সময় আরও ভালো কিছু করার।’ তিনি জানান, ‘গোল্ড’ ছবির পোস্টার উন্মোচন করতে পেরে তিনি খুবই খুশি। কারণ এটি অন্য রকম একটি কাজ হতে যাচ্ছে তাঁর।

‘গোল্ড’ ছবির পোস্টার
‘গোল্ড’ ছবির পোস্টার

হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘গোল্ড’। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম সোনার পদক জেতে হকিতে। ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং। পরিচালনা করছেন রিমা কাগতি। প্রযোজনা করছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। ২০১৮ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

‘গোল্ড’ ছবির শুটিং হচ্ছে ভারত ও যুক্তরাজ্যে। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন মৌনি রায়।