অক্ষয় খান্না দারুণভাবে ফিরে আসবেন 'মাম' ছবি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় খান্না
অক্ষয় খান্না

অভিনয় ক্ষমতা দারুণ, কিন্তু সেভাবে কি দর্শক-মনে ঠাঁই করে নিতে পেরেছেন অক্ষয় খান্না? উত্তর হবে—না। পারেননি। বলিউডি তারকামেলায় এই তারাটি খুব একটা উজ্জ্বল নয়। কিন্তু ‘মাম’ ছবিটি নাকি পাল্টে দিতে পারে এই অবস্থা। অক্ষয় হয়ে উঠতে পারেন উজ্জ্বল তারকা। এমনটাই মনে করেন এ ছবির প্রযোজক বনি কাপুর। সে কথা পরে। আগে জেনে নেওয়া যাক, অক্ষয়ের কাছেও কেন মনে হচ্ছে, এই ছবি ঘুরিয়ে দিতে পারে তাঁর ক্যারিয়ারের মোড়?

অক্ষয় মনে করেন, ছবিতে শ্রীদেবী আর নওয়াজুদ্দিন সিদ্দিকির মতো অভিনয়শিল্পী আছেন। তাঁদের সঙ্গে কাজ করার মানে এ মুহূর্তে বলিউডের সেরা অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা। ‘মাম’ ছবির চিত্রনাট্য দারুণ। দুর্দান্ত এই শিল্পীদের সঙ্গে, এই টিমের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাই আলাদা।
বনি কাপুর অক্ষয়ের প্রতি দারুণ খুশি। তিনি বলেছেন, ‘মাম’ ছবিতে অক্ষয় যে অভিনয় করেছেন, তা এখন পর্যন্ত করা অক্ষয়ের সেরা অভিনয়। অক্ষয়ের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি তাতে দুর্দান্ত অভিনয় করেছেন। এ ছবির মাধ্যমে অক্ষয় দারুণভাবে ফিরে আসবেন।
‘মাম’ নামের থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন রবি উদ্যাওয়ার। সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিটির মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ৭ জুলাই।
অক্ষয়ের করা শেষ ছবি ছিল ‘ডিসুম’, যা মুক্তি পেয়েছিল গত বছর। মিডডে