অক্ষয় বললেন, ব্যাপারটা মিটে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার ও রাজেশ খান্না
অক্ষয় কুমার ও রাজেশ খান্না

অক্ষয় কুমার বুঝিয়ে দিলেন, ভুল থাকবেই, সেই ভুল শুধরে নিয়ে চলতে হবে পথ। গত শতাব্দীর সত্তরের দশকের সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে করা নাসিরুদ্দিন শাহের মন্তব্য নিয়ে উত্তপ্ত ছিল বলিউড পাড়া। নাসিরুদ্দিন বলেছিলেন, রাজেশ খান্না একজন দুর্বল মধ্যম মানের অভিনয়শিল্পী ছিলেন। এই মন্তব্যে দারুণভাবে আঘাত পেয়েছিলেন রাজেশ-কন্যা টুইংকল খান্না। রাজেশের স্ত্রী ডিম্পল কাপাডিয়াও তাঁর ক্ষোভকে অপ্রকাশ রাখেননি। এরই মধ্যে নাসিরুদ্দিন শাহ তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু তারপরও সালমান খানের বাবা সেলিম খান একচোট নিয়েছেন নাসিরুদ্দিনকে।
এই পুরো ব্যাপারটা নিয়ে অক্ষয় কুমারের মন্তব্য জানতে চাইছিল গণমাধ্যম। অক্ষয় রাজেশ-কন্যা টুইংকল খান্নার স্বামী। তাই তাঁর মন্তব্যের একটা অন্য রকম মানে আছে। গণমাধ্যমের সেই আগ্রহের গোড়ায় পানি ঢেলে দিলেন অক্ষয়। বললেন, ‘যা হওয়ার হয়ে গেছে। নাসিরুদ্দিন ক্ষমা চেয়েছেন। এখন বিষয়টিকে আর বাড়তে দেওয়া ঠিক নয়। যা মিটে গেছে, তা নিয়ে আমাকে দিয়ে আর কিছু বলাতে চাওয়াও ঠিক নয়।’
অক্ষয় জোর দিয়ে বলেন, ‘বলিউডের সবার মধ্যে ঐক্য থাকতে হবে...যদি কেউ ক্ষমা চায়, তাহলে সবাই মিলে বলতে হবে, ব্যাপারটা মিটে গেছে।’