অক্ষয় সিনেমায় মনোযোগ দিতে চান, ছোট পর্দায় না

‘ফিয়ার ফ্যাক্টর : খাতরো কি খিলাড়ি’ নামের একটি টেলিভিশন প্রোগ্রাম সঞ্চালনা করতেন অক্ষয় কুমার। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সিনেমাতেই বেশি মনোযোগী হবেন। টিভি প্রোগ্রাম আর না।
ছোট পর্দার অভিনয় প্রসঙ্গে তাঁর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠলে অক্ষয় স্পষ্ট জানান, ‘না, আমি শুধু সিনেমায় মনোনিবেশ করতে চাই।’
অসংখ্য ব্লকবাস্টার ছবির এই অভিনেতার হিসাব একটু অন্য রকম। বছরে চাইলেই তিনি ছয়টি ছবি করতে পারেন, কিন্তু তিন থেকে চারটির বেশি ছবি তিনি করেন না। একটি ছবি করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। আর তিনি যদি চারটি ছবি করেন তবে বছরের ২৩০ দিন শুটিংয়ে কেটে যায়। আর বাকি সময়টা তিনি পরিবারকে দিতে চান।
‘এখনকার সময়টাতে হিসাব করে ছবি করার প্রথাটা উঠে গেছে।’ তিনি প্রত্যাশা রাখেন, খুব শিগগিরই সে সময়টা ফিরে আসবে।
অক্ষয় অন্য নায়কদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে বলেন, ‘যে ইন্ডাস্ট্রিতে প্রতিবছর ১৮০টি ছবি তৈরি করা হয়, সেখানে সবারই সমান সুযোগ রয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই আসে না।’
অক্ষয় কুমার জানান, ‘রুস্তম’ ছবিতে চার-পাঁচটি ঘটনার মিশেলে একটি গল্প বলা হয়েছে। অক্ষয় অভিনীত এই ছবিটি ১২ আগস্ট মুক্তি পাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।