
২০১৬ সালের সেরা কাজগুলোর জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার, ‘রুস্তম’ ছবির জন্য। সেরা অভিনেত্রী হয়েছেন সুরভি লক্ষ্মী, মালয়ালম ছবি ‘মিন্নামিনানগু’ ছবির জন্য। আর সোনম কাপুর বিশেষ পুরস্কার পেয়েছেন ‘নিরজা’ ছবিতে অভিনয় করে। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত টালিউডের ছবি ‘বিসর্জন’ সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার।
আজ শুক্রবার সকালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে সরাসরি এ ফলাফল পড়ে শোনান জুরিবোর্ডের সদস্যরা।
‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য সেরা সংগীতশিল্পী (নারী) বিভাগে জয়ী হয়েছেন ইমন চক্রবর্তী। এ গানের জন্যই সেরা গীতিকার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী, সুরকার অনুপম রায়।
‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শিশুশিল্পী যায়রা ওয়াসিম। ‘পিংক’ ছবিটি পেয়েছে সেরা সামাজিক ইস্যু নিয়ে তৈরি ছবির পুরস্কার। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর নির্মাতা রাজেশ মাপুস্কার। পাঠকদের জানিয়ে রাখি, এ ছবির প্রযোজক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তেলেগু ছবি ‘সাথমানাম ভাবাতি’ পেয়েছে সেরা বিনোদনমূলক ছবির পুরস্কার। ভারতের প্রশংসিত নির্মাতা নাগেশ কুকনুরের ‘ধানাক’ ছবিটি পেয়েছে সেরা শিশুতোষ ছবির পুরস্কার। তামিল ছবি ‘জোকার’-এ গান করে সেরা সংগীতশিল্পী (পুরুষ) বিভাগে জয়ী হয়েছেন সুন্দর আইয়ার।
সোনমের বিশেষ পুরস্কার পাওয়ার পাশাপাশি সেরা হিন্দি ছবির বিভাগে ‘নিরজা’ ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন অভিনেতা আদিল হোসেন।