অক্ষয়-হৃতিক এক ছবিতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার ও হৃতিক রোশন
অক্ষয় কুমার ও হৃতিক রোশন

এত দিন ছিলেন প্রতিবেশী, বন্ধু, সহকর্মী। এবার কি সহ অভিনেতাও হতে চলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও হৃতিক রোশন? ডিএনএ-এর একটি প্রতিবেদনে বলা হচ্ছে, এই দুই তারকার এক ছবিতে অভিনয়ের কথাবার্তা নাকি জোরেশোরেই চলছে।
অক্ষয় ও হৃতিকের পরিবার এমনিতেই বেশ ঘনিষ্ঠ। গত বছর অক্ষয়ের ‘রুস্তম’ ও হৃতিকের ‘মহেঞ্জো দারো’ বক্স অফিসের সংঘাতে লিপ্ত হলেও তাঁরা দুজনই একে অন্যের ছবির জন্য সৌভাগ্য কামনা করেছিলেন। ১২ আগস্ট মুক্তি পায় ছবি দুটি। ‘রুস্তম’ ভালো ব্যবসা করে। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মহেঞ্জো দারো’ শোচনীয়ভাবে ব্যর্থ হয়।
ডিএনএ-কে একটি সূত্র জানিয়েছে, দুই নায়ক চমৎকার একটি চিত্রনাট্য পেয়েছেন। সেখানে তাঁদের দুজনই প্রধান চরিত্রে অভিনয় করবেন।
ভারতের প্রেক্ষাগৃহে এখন অক্ষয় কুমারের ‘জলি এলএলবি টু’ চলছে। এরপর করবেন ‘নাম শাবানা’ ছবির শুটিং। হৃতিক রোশনও ‘কাবিল’ সাফল্যের পর তৈরি হচ্ছেন ‘কৃষ ফোর’-এর জন্য। এনডিটিভি