অক্ষয়কে দেখে নার্ভাস

নূপুর শ্যানন। নামটি আগে শোনেননি? নাকি ইতিমধ্যে শুনে ফেলেছেন? তিনি বলিউড তারকা কৃতি শ্যাননের বোন। এই মুহূর্তে নূপুর ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। প্রথমবারের মতো ৫২ বছরে এসে অক্ষয় কুমারকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। আর অক্ষয়ের বিপরীতে থাকবেন নূপুর। কৃতি ইতিমধ্যে ‘হাউসফুল ফোর’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগ করেছেন। গানটির নাম ‘ফিলহাল’। গেয়েছেন বি প্রাক। সংগীত পরিচালনাও করেছেন তিনিই। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরবিন্দর খাইরা।

আজ বুধবার মিউজিক ভিডিওটির টিজার মুক্তি পেয়েছে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত টিজারটি দেখা হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ১০৪ বার। আর সম্পূর্ণ গান ইউটিউবে মুক্তি পাবে ৯ নভেম্বর। ইনস্টাগ্রামে নূপুর শ্যাননের আইডিতে গিয়ে দেখা গেল, তাঁকে ১০ লাখ ৪০ হাজার মানুষ ফলো করে। আর তিনি ফলো করেন মাত্র ৩১৪ জনকে। ‘শর্ট বায়ো’তে লেখা, ‘ফিলহালে’র টিজার মুক্তি পেয়েছে। সর্বশেষ পোস্টও এই টিজার।
অক্ষয় কুমারকে প্রথম দিন সামনে দেখে নাকি ‘নার্ভাসনেস ব্রেকডাউন’ হয়েছিল নূপুরের। অক্ষয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে এই গায়িকা প্রথম আলোকে বলেন, ‘এটা আমার জীবনে প্রথম অভিনয় ছিল। তা–ও আবার এত বড় তারকার সঙ্গে। তাই আমার সারা শরীর কাঁপছিল। পেটের মধ্যেও কেমন যেন অস্বস্তি হছিল। শুটিংয়ের প্রথম দিন আমি অসম্ভব নার্ভাস ছিলাম। এর আগে কখনো অক্ষয়ের সঙ্গে দেখাও হয়নি। এমনকি কোনো সামাজিক অনুষ্ঠানে দূর থেকেও না। কিন্তু প্রথম সাক্ষাতেই উনি আমাকে সহজ করে দিয়েছিলেন। আর আমাদের “পাঞ্জাবি কানেকশন” কাজ করেছিল।’

অক্ষয় কুমারের সঙ্গে প্রথম শট নিয়ে নূপুর বলেন, ‘আমি ওনাকে শুটিং–সংক্রান্ত প্রচুর প্রশ্ন করেছিলাম। আর উনি অত্যন্ত শান্তভাবে বলেন, “তুমি ভালো কাজ করছ। যদি কোথাও মনে হয় তোমাকে গাইড করা প্রয়োজন। আমি নিশ্চয়ই করব”।’
ইনস্টাগ্রামে অক্ষয় কুমারের সঙ্গে দুটি ছবি পোস্ট করে নূপুর লিখেছেন, ‘আমি যাঁর অন্ধ ভক্ত, তাঁর সঙ্গে কাজের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। কেমন যেন জাদুর মতো ঘোর লাগা সেই অনুভূতি। অক্ষয় কুমার স্যার, আপনি এত ভালো কেন? এত দারুণ একজন মানুষ হবার জন্য আপনাকে ধন্যবাদ।’