অক্ষয়ের নতুন রোমাঞ্চ!

সম্প্রতি বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘এয়ারলিফট’ এর টিজার প্রকাশিত হয়েছে। এর আগেও এই ‘খিলাড়ি’ অভিনেতা বহু অ্যাকশন এবং রোমাঞ্চকর চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবারে এক নতুন রোমাঞ্চকর কাহিনির ছবিতেই দেখা যাবে তাঁকে। রাজস্থানে ‘এয়ারলিফট’ ছবির শেষ দফা শুটিং চলাকালীন এ ছবিতে তাঁর প্রথম ‘লুক’টি ভক্তদের জন্য টুইটারে পোস্ট করেন অক্ষয় কুমার।
৯০ দশকে উপসাগরীয় যুদ্ধের সময়কার সত্যিকারের এক কাহিনি নিয়ে নির্মিত এই ছবির পরিচালক রাজা কৃষ্ণ মেনন। অক্ষয় কুমার এই ছবিতে ভারতীয় বংশোদ্ভূত একজন ধনী কুয়েতি ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন। এ ছবিতে তাঁর চরিত্রের নাম রণজিৎ কতিয়াল। এই সিনেমায় তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে নিমরাত কাউরকে।
উপসাগরীয় যুদ্ধের সময়টাতে কুয়েত ও ইরাক থেকে সবচেয়ে বেশিসংখ্যক প্রবাসী ভারতীয়দের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
অক্ষয় কুমার তাঁর এক টুইট বার্তায় বলেছেন, এই চলচ্চিত্রটি তাঁর জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ইন্ডিয়ান এক্সপ্রেস।