অক্ষয়ের প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় খান্না
অক্ষয় খান্না

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। অভিনয়ে যখন নিয়মিত ছিলেন, তখনো যে খুব বেশি কাজ করতেন তা নয়। তবে ব্যক্তিগত কিছু কারণেই নাকি এবারের বিরতিটা একটু দীর্ঘ হলো অক্ষয়ের। ২০১২ সালে তাঁর ‘গলি গলি চোর হ্যাঁয়’ সিনেমার পর এ বছর মুক্তি পেতে যাচ্ছে ‘ঢিশুম’। এই ছবিতে তাঁর সহশিল্পী জন আব্রাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
অক্ষয় বলেন, ‘ব্যক্তিগত কিছু কারণেই এত দিন বলিউড থেকে দূরে ছিলাম। একটু গুছিয়ে নিয়ে আবারও ফিরে এসেছি।’ এত দিন বাদে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাকি খানিকটা রোমাঞ্চ বোধ করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। অবশ্য এও জানালেন, গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলেন তিনি। তাঁর ঝুলিতে আছে ‘বর্ডার’, ‘তাল’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রেস’–এর মতো হিট সিনেমা। সেরা অভিনেতা হিসেবে যেমন পুরস্কার পেয়েছেন, তেমনি সেরা খল অভিনেতার পুরস্কারও অর্জন করেছেন তিনি। অক্ষয়ের বাবা বলিউডের প্রবীণ অভিনেতা বিনোদ খান্না।
জানিয়েছেন, নতুন ছবি ‘ঢিশুম’–এ কাজ করতে রাজি হয়েছেন, কারণ এই ছবিতে তাঁর চরিত্রটি খুব মজার। এই সিনেমায় দেখানো হয়েছে ভারত–পাকিস্তান ক্রিকেট ফাইনাল ম্যাচের আগের দিন ভারতীয় দলের সেরা ক্রিকেটারকে অপহরণ করে নিয়ে যান অক্ষয়। ছবির পুরো গল্পের এই একটি মাত্র লাইন শুনেই অক্ষয় এই চরিত্রে কাজ করতে আগ্রহী হন। 

নতুন এই ছবি মুক্তি পাবে ২৯ জুলাই। এনডিটিভি