অক্ষয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অক্ষয় কুমার। ছবি: এএফপি
অক্ষয় কুমার। ছবি: এএফপি
• অক্ষয় কুমারের নামে মামলা করেছেন রিপু দমন জেইসওয়াল নামের এক ব্যক্তি।
• এই নায়কের ‘প্যাডম্যান’ ছবির ১১টি দৃশ্য চুরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
• ছবিতে তাঁর তৈরি কাল্পনিক চরিত্রগুলোও যুক্ত হয়েছে।

অনেক প্রচারণার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি ‘প্যাডম্যান’। মুক্তির প্রথম দিনে ১০ কোটি রুপি আয় করেছে এই ছবি। আয়ের অঙ্ক মোটেও খারাপ না। তবু খুশি হতে পারছেন না অক্ষয়। কারণ ছবি মুক্তির পরদিনই মামলা হলো তাঁর বিরুদ্ধে। রিপু দমন জেইসওয়াল নামের এক ব্যক্তি চিত্রনাট্য চুরির দায়ে অক্ষয় কুমারের নামে মামলা করেছেন।

‘প্যাডম্যান’ ছবির গল্প তামিলনাড়ুর অরুণাচলম মুরুগানান্থম নামের এক ব্যক্তিকে নিয়ে। তিনি গ্রামের নারীদের জন্য স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আলোচনায় আসেন। সত্য ঘটনার ওপর নির্মিত এই ছবির চিত্রনাট্যেও চুরির অভিযোগে অনেকে অবাক হতে পারেন। অভিযোগকারী রিপু নিজেও হতবাক। প্রায় দুই মাস আগে এই মামলার বাদী রিপু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখান থেকে জানা যায়, দেড় বছর আগে তিনি অরুণাচলম মুরুগানান্থমের কাজ নিয়ে একটি চিত্রনাট্য লিখেছেন। ২০১৬ সালের ৫ ডিসেম্বর তা ভারতের স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনে নিবন্ধিত হয়। এরপর সেই নিবন্ধিত চিত্রনাট্য তিনি নির্মাতা করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনে পাঠান। এ ছাড়া চলচ্চিত্র পরিচালক বিক্রম আদিত্য মোতওয়ানেকেও ব্যক্তিগতভাবে এই চিত্রনাট্য দেখিয়েছেন। ধর্ম প্রোডাকশনে চিত্রনাট্য পাঠানোর দশ দিন পরই সংবাদপত্র দেখে রিপু জানতে পারেন, টুইংকেল খান্না অরুণাচলমকে নিয়ে ছবি বানাচ্ছেন। তখনো বিষয়টি নিয়ে বাদী অতটা মাথা ঘামাননি।

মামলার বাদী রিপু দমন জেইসওয়াল
মামলার বাদী রিপু দমন জেইসওয়াল

কিন্তু ‘প্যাডম্যান’ ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর রিপু নিশ্চিত হন যে এখানে তাঁর চিত্রনাট্য চুরি করা হয়েছে। তিনি বলেন, এই ছবিতে তাঁর তৈরি কাল্পনিক চরিত্রগুলোও যুক্ত হয়েছে। ট্রেলারে অরুণাচলমের সঙ্গে তাঁর বোনের একটি দৃশ্য দেখানো হয়। বাস্তবে অরুণাচলমের কোনো বোন নেই। রিপু কাহিনির প্রয়োজনে চিত্রনাট্যে তাঁর বোনের আগমন ঘটান। সেটি অক্ষয়ের ছবিতেও আছে। এমনকি এই ছবিতে অমিতাভ বচ্চনের দেওয়া একটি সংলাপ হুবহু রিপুর চিত্রনাট্য থেকে টুকে নেওয়া হয়েছে।

আজ শনিবার নিজের লেখা চিত্রনাট্যের ছবি তুলে ফেসবুক ও টুইটারে প্রকাশ করেছেন রিপু দমন জেইসওয়াল। গতকাল শুক্রবার ‘প্যাডম্যান’ দেখে তিনি নিশ্চিত হন, এখানে তাঁর চিত্রনাট্যের ১১টি দৃশ্য চুরি করা হয়েছে। তাই ছবির অভিনেতা ও অন্যতম প্রযোজক অক্ষয় কুমারের নামে মামলা করেছেন।

রিপুর টুইটের স্ক্রিনশট
রিপুর টুইটের স্ক্রিনশট

অক্ষয়ের নামে মামলা হলেও ‘প্যাডম্যান’ ছবির কাহিনিকার ও পরিচালক আর বালকী। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। টাইমস অব ইন্ডিয়া।