অক্ষয়ের মধুর যন্ত্রণা!

টয়লেট: এক প্রেম কথা ছবির প্রচারণায় ব্যস্ত অক্ষয় কুমার ও ভুমি পেড়নেকর। একের পর এক সাক্ষাৎকার আর সংবাদ সম্মেলনে অংশ নিয়েই যাচ্ছেন এই জুটি। দিনভর শুধু কথাই বলতে হচ্ছে। কিন্তু ভুমির জন্য এটা কোনো ব্যাপারই নয়। কারণ, কথা বলাটাই নাকি এই অভিনেত্রীর শখ। এমনকি তিনি তাঁর নায়কের মুখের কথাও টেনে নিয়ে যাচ্ছেন। এ নিয়েই অতিষ্ঠ ভুমির নায়ক অক্ষয়।
সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুমি বলেন, একবার নাকি তাঁর কথার যন্ত্রণায় অক্ষয় কুমার সাক্ষাৎকার শেষ না করেই উঠে চলে গিয়েছিলেন। বিরক্ত হয়েছিলেন, ‘সব কথা তুমিই বলো, আমি চললাম!’ ভুমির জন্য ছিল এটা দারুণ বিব্রতকর।

এ ঘটনা যখন ভুমি বলছিলেন, তখন তাঁর পাশে ছিলেন অক্ষয়ও। তিনি সেই দিনের কথা মনে করে বলেন, ‘একটা না, সাতটা সাক্ষাৎকারে সেদিন আমরা অংশ নিয়েছিলাম। প্রতিটাতেই প্রশ্নকর্তা আমাকে কোনো প্রশ্ন করলে ভুমি সেটার জবাব দিতে শুরু করত। এমন অবস্থায় কেমন লাগে, বলুন?’
তবে ভুমির এই বেশি কথা বলার যন্ত্রণার অভিজ্ঞতা অক্ষয় বলেছেন হাসিমুখে। সাক্ষাৎকারের শেষ দিকে এটাও পরিষ্কার করেছেন যে এটা আসলে মধুর যন্ত্রণা। সূত্র: বলিউড বাবল।