অচেনা দুই খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও আমির খান
শাহরুখ খান ও আমির খান

ইদানীং বলিউডের তারকা শাহরুখ খান আর আমির খানের ‘আদায় কাঁচকলায়’ সম্পর্কই যেন সবার কাছে স্বাভাবিক হয়ে উঠেছিল। একজন আরেকজনকে ব্যঙ্গবিদ্রুপের কোনো সুযোগই হাতছাড়া করতেন না তাঁরা। আমিরকে খোঁটা দিয়ে হরহামেশাই নানা মন্তব্য করে আসছিলেন শাহরুখ। এমনকি শাহরুখের নামে নিজের পোষা কুকুরের নাম রেখে আলোচনায় এসেছিলেন আমির। কিন্তু এবারে দুই খানের সম্পূর্ণ ভিন্ন এক ঘটনায় হতবাক হয়েছেন সবাই। 

শাহরুখের পঞ্চাশতম জন্মদিনে খুদে ব্লগসাইট টুইটারে ‘কিং খান’ কে শুভেচ্ছা জানিয়েছেন আমির। শুধু তাই নয়, আমিরের এই টুইটের ত্বরিত উত্তরও দিয়েছেন শাহরুখ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ দুজনের শীতল সম্পর্কের বরফ গলা শুরু করেছে।
টুইটারে আমির খান শাহরুখকে উদ্দেশ করে লিখেছেন, হে শাহ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি এভাবেই উন্নতি করতে থাকো এবং আনন্দ দিতে থাকো আমাদের। ভালোবাসা।’
‘বার্থ ডে বয়’ শাহরুখও কম যাননি। আমিরের এই ‘মধুর’ টুইটের উত্তর শাহরুখ দিয়েছেন মধুরতম ভাষায়। টুইট বার্তায় শাহরুখ আমিরকে লিখেছেন, ‘তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। জলদি ঘরে ফেরো, কিছু ঘনিষ্ঠতা এবং আনন্দ দরকার, যা শুধু তুমিই দিতে পারো।’
উল্লেখ্য, আমির এখন তাঁর ‘দঙ্গল’ ছবির শুটিং এ হরিয়ানার একটি গ্রামে অবস্থান করছেন।
তাঁদের এই টুইট বার্তা কীসের ইঙ্গিত? তবে কী মান অভিমানের পালা শেষ করে এখন আবারও বন্ধু হয়ে গেছেন এই দুই খান! বলিউডের খান শিবিরের অন্যতম দুই ‘খান’-এর এই টুইট বার্তা বিনিময় এবং শুভেচ্ছা আদানপ্রদানের ভাষা দেখে আপাতত তাই মনে হচ্ছে।
সামনের বছর ঈদে একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে আমির খানের ‘দঙ্গল’ এবং শাহরুখ খানের ‘রইস’। দেখা যাক এই মধুর শুভেচ্ছা আদান প্রদানের ধারা তখন পর্যন্ত অব্যাহত থাকে কিনা। এনডিটিভি।