অজয়কে 'ভারতের র্যাম্বো' বললেন স্ট্যালোন

সদ্য মুক্তি পাওয়া ‘সিংঘম রিটার্নস’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন ‘র্যাম্বো’খ্যাত হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। শুধু তা-ই নয়, ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা বলিউডের অভিনেতা অজয় দেবগনকে ভারতের র্যাম্বো বলে অভিহিত করেছেন স্ট্যালোন।
রোহিত শেঠি পরিচালিত পুরোদস্তুর অ্যাকশন ছবি ‘সিংঘম রিটার্নস’ মুক্তি পেয়েছে ১৫ আগস্ট। দারুণ ব্যবসা করছে ছবিটি। মাত্র তিন দিনে ছবিটির আয়ের পরিমাণ ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। ব্যবসায়িক সফলতার কারণে এমনিতেই দারুণ খুশি ছবির দলের সব সদস্য। এবার সিলভেস্টার স্ট্যালোনের মতো তারকা ছবিটির প্রশংসা করায় নিঃসন্দেহে তাঁদের খুশির মাত্রা বহুগুণ বেড়ে গেছে। ‘সিংঘম রিটার্নস’ ছবির সাফল্যও কামনা করেছেন স্ট্যালোন।
সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র সমালোচক রাজীব মাসন্দের সঙ্গে আলাপচারিতার সময় ‘সিংঘম রিটার্নস’ ছবির প্রশংসা করতে গিয়ে স্ট্যালোন বলেন, ছবিটির নির্মাণশৈলী অনেকটাই ‘র্যাম্বো’ সিরিজের ছবিগুলোর মতো। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
বলিউডের সঙ্গে স্ট্যালোনের পরিচয় অনেক দিনের। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘কমবখত ইশক’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন ৬৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।
রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘম রিটার্নস’ ছবিতে অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধেছেন পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ ও বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবিটিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মহেশ মাঞ্জারেকার, সোনালি কুলকার্নি, অমল গুপ্ত, দয়ানন্দ শেঠি, শরত্ সাক্সেনা প্রমুখ।