অজয়ের যে গুণে কাজল মুগ্ধ!

পর্দায় কাজল-শাহরুখ জুটি দর্শক মাতালেও বাস্তবে কিন্তু বলিউডের তারকা অভিনেত্রী কাজল তাঁর স্বামী অজয়কেই বেশি রোমান্টিক মনে করেন। বলিউড অভিনেতা অজয় দেবগনকে তিনি জীবনসঙ্গী করেছেন প্রায় ১৫ বছরের আগে। ‘সিংঘম’ তারকা তাঁর স্ত্রীর জন্য শেষ কোন রোমান্টিক কাজটি করেছেন জানতে চাইলে কাজল বলেন, অজয় নাকি বাবা হিসেবে খুবই দায়িত্ববান, আর স্বামীর এই গুণটি নাকি তাঁর কাছে সবচেয়ে বেশি রোমান্টিক মনে হয়!
মাস খানেক ধরে কাজল খুব ব্যস্ত ছিলেন নির্মাতা রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমার শুটিংয়ে। সেসময় অজয়ই তাঁদের দুই সন্তান এবং ঘর সামলেছেন। কাজল বলেন, ‘অজয় আমাকে বলতো, তুমি কাজে যাও; আমি বাচ্চাদের দেখভাল করছি।’ তিনি বলেন, ‘আমার মনে হয় এটিই আমার প্রতি অজয়ের সবচেয়ে বেশি মিষ্টি এবং রোমান্টিক আচরণ।’
সম্প্রতি এই ছবির প্রথম গান ‘গেরুয়া’ প্রকাশ করা হয়েছে। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বেশ আয়োজন করেই এই গানটির উদ্বোধন করা হয়। ‘গেরুয়া’ গানটিতে শাহরুখ-কাজলকে দেখে দর্শকের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গম’ এর সেই রোমান্টিক জুটিকেই মনে পড়ে যাবে।
তবে, এত সুন্দর রোমান্টিক গানটি দেখে অজয় দেবগন এবং শাহরুখ পত্নী গৌরীর কি প্রতিক্রিয়া? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এখনো তাঁরা কেউই গানের ভিডিওটি দেখেননি। কারণ, আজই প্রথম আনুষ্ঠানিক ভাবে এটি সবার সামনে প্রকাশিত হলো।
কাজল এবং শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’ ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং কৃতী শ্যানন। এনডিটিভি।