অতিথি অদিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি রাও হায়দারি
অদিতি রাও হায়দারি

নিজের নাম পাল্টে তিনি রেখে দিতে পারেন অতিথি রাও হায়দারি! ছয় বছর কম সময় নয়। অথচ বলিউডে আধা যুগ কাটিয়ে দিয়েও অদিতিকে নাকি কেউ আপন করে নেননি। এখনো বলিউডে নিজেকে পর পরই লাগে তাঁর।
রাকেশ ওমপ্রকাশ মেহরার দিল্লি সিক্স দিয়ে ২০০৮ সালে বলিউডে যাত্রা শুরু। এরপর আরও আটটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। কিন্তু এখনো যেন কেউ চেনেন না অদিতিকে। অবশ্য হায়দরাবাদের হায়দারি-কন্যা ইয়ে সালি জিন্দেগি ছাড়া বাকি ছবিতে বলার মতো চরিত্রে কাজও করেননি। তবে অচেনা আঁধারের খোলস ছেড়ে বেরিয়ে আসবেন এবার। ওয়াজির-এ অমিতাভ বচ্চন আর ফারহান আখতারের সঙ্গে নাকি পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি।
সেই ‘রিপোর্ট কার্ড’ আসতে অবশ্য এখনো দেরি। তবে আপাতত অদিতির উপলব্ধি, ‘কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আমি যেন বাইরের কেউ। সামাজিক মাধ্যমের কথাই ধরুন। বাকিরা সেখানে যে সমর্থনটা পান, আমি কিন্তু পাই না। সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলে অনেকে আমাকে সমর্থন অবশ্যই করেন, যেটা খুব মিষ্টি একটা ব্যাপার। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয়, ভাইবোনেরা, বন্ধুরা, চাচা-মামারা, খালা-চাচি-ফুফুরা সেখানে তাঁদের সমর্থন দেন।’
কাপুর-খান্না বংশের আদরের দুলাল-দুলালীদের উদ্দেশ করেই কি কিছু বললেন অদিতি রাও হায়দারি? পিটিআই।