অতিথি তাড়ানোর বুদ্ধি শিখুন আমির খানের কাছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

সামনে ছেলেমেয়েদের পরীক্ষা। অথচ আপনার বাসায় অতিথি একটু বেশি সময় নিচ্ছে? আপনি যদি দ্রুত সময়ে অতিথি তাড়াতে চান, তবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খানের কাছে পরামর্শ নিতে পারেন। নাচ, গান, অভিনয় ছাড়া এ বিষয়ও ভদ্রলোক ভালোই জানেন।
অবাক হচ্ছেন? এটাই কিন্তু সত্যি। আমির নিজেই এমনটি জানালেন। তাঁর মতে, বাড়িতে অতিথি আসবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এর বেশি যদি থাকে, তবে সাফ জানিয়ে দেওয়া দরকার, এবার আপনার যাওয়া উচিত!
বাসার অতিথি তাড়ানোর এ জ্ঞান আমির খান বইপুস্তক কিংবা গুগল থেকে নেননি। আমির খান জানাচ্ছেন, এ জ্ঞান তিনি পেয়েছেন তাঁর চাচা নাসির খানের কাছ থেকে।
সম্প্রতি নাসির খানের আত্মজীবনীর প্রকাশনা অনুষ্ঠানে আমির খান এ তথ্য জানান ৷ ওই অনুষ্ঠানে আমির বলেন, ‘আমি চাচ্চু নাসির খানের কাছ থেকে অনেক কিছু শিখেছি ৷ এর মধ্যে অভিনয়ের নানা বিষয় আছে। এর বাইরেও আরও বিচিত্র কিছু বিষয়।’
আমির খান আরও বলেন, ‘চাচ্চুর কাছ থেকে আহরিত বিচিত্র জ্ঞানের মধ্যে মজার বিষয়টি হচ্ছে ভালোয় ভালোয় অতিথিদের তাড়ানো ৷ বাড়িতে আমাদের নিয়ে তিনি আড্ডা দিতেন, আমাদের খাওয়াতেন। কিন্তু যখন তার ঘুমের সময় হতো, বলে দিতেন, “তোমাদের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে...।” আমি দেখেছি, যেবার চাচ্চুর মনে হতো বাসায় আসা অতিথি বেশিক্ষণ থাকছেন, তখনই তিনি বলতেন, ভালোই লাগছে আপনাকে দেখে ৷ আশা করি, সামনে আবার দেখা হবে ! এমন পরিস্থিতিতে ওই অতিথির বিদায় নেওয়া ছাড়া উপায় থাকত না!’
প্রকাশনা অনুষ্ঠানে আমির খান রসিকতাচ্ছলে এ তথ্য দিলেও তিনি সেখানে আরও জানান, তাঁর চাচার কাছ থেকে তিনি কথা বলা, নিয়মানুবর্তিতা—এসবও শিখেছেন। চাচার মতো ভদ্র, মার্জিত মানুষ তিনি কম দেখেছেন বলেও জানান।
প্রসঙ্গত, আমির খান (আমির হোসেন খান) ভারতের মুম্বাইয়ে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর চাচা নাসির হোসেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ছিলেন। আমির খান তাঁর অন্য এক স্মৃতিচারণায় জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই আমিরের ওপর অগাধ বিশ্বাস ছিল তাঁর চাচার। তিনি জানতেন, আমির একদিন বড় তারকা হবেনই। আমিরের পরিবার থেকে তাঁর চাচা নাসির উদ্দিন প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন এবং একে একে আমিরের বাবা, তারপর আমির নিজে চলচ্চিত্রে আসেন। আমির স্মৃতিচারণা করে বলেন, তিনি (চাচা নাসির হোসেন) আমাকে বলেছিলেন, তিনি কলেজ থেকে পালিয়ে চলে এসেছিলেন, কারণ চলচ্চিত্র জগতের প্রতি তাঁর ছিল অগাধ টান। সৃজনশীল কাজ করতে চেয়েছিলেন তিনি এবং তিনি মূলত একজন লেখক হতে চেয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও উইকিপিডিয়া