অধরাই রইল শান্তিনিকেতন

টানা কয়েক দিন ধরেই চলছিল মহা প্রস্তুতি। তাঁর জন্য প্রেসিডেনশিয়াল স্যুট সাজানো হয়েছিল রবীন্দ্রনাথকে মাথায় রেখে। এমনকি যে ঘরটি তাঁর জন্য সাজানো হয়েছিল, সেখানে হোটেল মালিকের জন্যও ছিল রীতিমতো ‘প্রবেশ নিষেধ’! কিন্তু শেষপর্যন্ত সেই হোটেলই পছন্দ হয়নি বলে শান্তিনিকেতনে না থেকে ফের কলকাতায় ফিরে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। গত বুধবারের ঘটনা এটি।
‘বিগ বি’ বচ্চনের টুইট বার্তা আর সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমবার শান্তিনিকেতন যাবেন বলে যথেষ্ট রোমাঞ্চিত ছিলেন তিনি। তিনি রবীন্দ্রনাথের অনেক পুরোনো ভক্ত। এর আগে সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির জন্য রবীন্দ্রনাথের ‘একলা চলো’ কণ্ঠে তুলেছিলেন। ‘পিকু’ ছবির শুটিংয়ের পর প্রথম গিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সেবার সেখানে জাতীয় সংগীতের ভিডিও শুটও হয়েছিল।
এবারও ‘কলকাতার জামাই’ বড় বচ্চন ‘তিন’ ছবির শুটিংয়ের ফাঁকে যাবেন বিশ্বভারতী, সেটা নিজেই ঠিক করে রেখেছিলেন। কিন্তু প্রথম দিনের শুটিং শেষে হোটেলে গিয়েও শেষপর্যন্ত কলকাতাতেই ফিরে গেলেন তিনি। কারণ, হোটেল পছন্দ হয়নি তাঁর। সব মিলিয়ে ৩০০ কিলোমিটার ভ্রমণ শেষে ফেরার পথে শক্তিগড়ের ল্যাংচা (এক ধরনের স্থানীয় খাবার) নিয়ে ফিরলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।