অনিলের পার্টিতে সোনমের 'কথিত প্রেমিক'

প্রেম বিষয়ে জানতে চাইলেই সোনম এড়িয়ে যান। শেষবার তাঁর কাছে ‘কথিত প্রেমিক’ আনন্দ আহুজা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলি না। ১০ বছর ধরে অভিনয় করছি, কিন্তু কোনো দিন ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর দিইনি, আর ভবিষ্যতে দেবও না। তবে, সোনম উত্তর না দিলে কী হবে? আনন্দের সঙ্গে তাঁর প্রেমের গুজবের ডাল-পালা আপন গতিতেই চারদিক ছড়িয়ে যাচ্ছে। এবার এই গুজবের আগুনে ঘি ঢাললেন আনন্দ নিজেই। শনিবার অনিল কাপুরের ৬০তম জন্মদিনের পার্টিতে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন আনন্দ।
অনিলের জন্মদিন উপলক্ষে লন্ডনে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিল তাঁর পরিবার। এই পারিবারিক আয়োজনে আমন্ত্রিত ছিলেন ব্যবসায়ী আনন্দ আহুজাও। যাঁর সঙ্গে বেশ কিছুদিন ধরেই অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একেবারেই পারিবারিক একটি আয়োজনে আনন্দের উপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরদার করেছে।
তার ওপর আবার পার্টিতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আনন্দ আহুজা ক্যাপশনে লিখেছেন ‘পারিবারিক উদ্যাপন’। তার মানে তিনি এখন কাপুর পরিবারেরই একজন সদস্য।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অনিলের স্ত্রী সুনীতা কাপুর, ছোট মেয়ে রিয়া কাপুর, ভাতিজা অর্জুন কাপুর ও ছোট ভাই সঞ্জয় কাপুর প্রমুখ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।