অনুপম খেরের ৫০০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপম খের।
অনুপম খের।

৩২ বছরে ৫০০ ছবি! না, ভুল দেখেননি। ৩২ বছরের অভিনয়জীবনে ৫০০টি ছবিতে কাজ করার মতো দুর্লভ অর্জনের মালিক হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের। সম্প্রতি নিজের অভিনীত ৫০০তম ছবির ঘোষণা দিয়েছেন তিনি।
অনুপম খেরের বয়স এখন ৬১ বছর। আজ থেকে ৩২ বছর আগে, পুরস্কারজয়ী ‘সারানাশ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতে পা রাখেন অনুপম। আর এই ৫০০তম ছবিটি একটি হলিউডি ছবি, নাম ‘দ্য বিগ সিক’। এ ছবিতে অনুপম অভিনয় করবেন হলি হান্টার, জো কাজান, রে রোমানো, কুমাইল নাঞ্জিয়ানি, আদিল আখতারদের সঙ্গে। জাড আপাতোর প্রযোজনায় ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে এক পাকিস্তানি ছেলে এবং এক আমেরিকান মেয়ের সম্পর্ক নিয়ে। সেখানে কুমাইল নাঞ্জানির বাবার চরিত্রে অভিনয় করছেন অনুপম।

অনুপম খের এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। সেখান থেকেই ফোনে তিনি তাঁর ৫০০তম ছবিটির কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ছবিটি সম্পর্কে তিনি বলেছেন, ‘৩২ বছরে ৫০০ ছবিতে অভিনয় করার এই যাত্রাটা ছিল দারুণ। এটা আমার জীবনেরই প্রতিফলন। ৫০০তম ছবিটি হলিউডের বলে আমি আনন্দিত। তবে বিষয়টা এমন নয় যে এটি বলিউডের হলে তা গুরুত্ব হারাত। আমি অনেক হিন্দি ছবি করেছি। এখন নতুন অভিযাত্রায় বেরিয়েছি’।

৫০০তম ছবি উপলক্ষে অনুপমকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউডের অভিনেতা রবার্ট ডি নিরো। একটি ইউটিউব ভিডিওতে তা নিজেই সবাইকে জানিয়েছেন অনুপম। সেখানে রবার্ট বলেছেন, ‘৫০০তম ছবিটির কাজ সম্পন্ন করার জন্য তোমাকে অভিনন্দন জানাই। এটা একটা দারুণ কাজ। আমেরিকায় আমি ৯৫টি ছবি করেছি, কিন্তু ৫০০টি ছবি করা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার!’

দেব দুলাল গুহ
সূত্র: মিডডে