অন্ধকারে মুম্বাইয়ের বিনোদন

আজ রোববার বিকেলে অভিনব এক প্রতিবাদের মাধ্যমে পুরো বলিউড ‘পদ্মাবতী’ ছবির পাশে দাঁড়িয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির সমর্থনে ১৫ মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ করেছে ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। মুম্বাইয়ে আইএফটিডিএসহ বলিউডের আরও ২০টি সংগঠন একজোট হয়ে এ প্রতিবাদে অংশ নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘সৃষ্টিশীল ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতার রক্ষার জন্য এই প্রতিবাদ।’
‘পদ্মাবতী’ ছবির সমর্থনে আজ মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটির প্রধান ফটকে ‘ম্যায় আজাদ হুঁ’ শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটা থেকে বিভিন্ন সংগঠনের কর্মীরা এই প্রতিবাদ সভায় জড়ো হন। সব মিলিয়ে বলিউডের ৩৫০ জন এই প্রতিবাদে অংশ নেন। তবে আয়োজকেরা আশা করেছিলেন, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে শিল্পী ও কলাকুশলী মিলিয়ে অন্তত ৭০০ জন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
১৫ মিনিটের জন্য অন্ধকার নেমে আসে মুম্বাইয়ের চলচ্চিত্রসহ টেলিভিশন দুনিয়ায়। ঘড়ির কাঁটা ধরে ১৫ মিনিটের জন্য ফিল্ম সিটিসহ মুম্বাইয়ের সব স্টুডিওর শুটিং বন্ধ রাখা হয়। এ সময় শুটিং ফ্লোরে আলো, ক্যামেরা বন্ধ থাকে।
টিভি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিভি এবং চিত্রতারকা পবন মালহোত্রা এ আন্দোলনে অংশ নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু “পদ্মাবতী”র জন্য আমি আওয়াজ তুলিনি, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছু মানুষ ঠিক করে দিচ্ছেন কী খাব, কী পরব, কোন উৎসব পালন করব! মানুষের স্বাধীনতায় হাত দেওয়ার তারা কে? “পদ্মাবতী” ব্যয়বহুল ছবি বলে এ প্রতিবাদ নয়। প্রতিবাদের কারণ একজন নির্মাতার সৃষ্টিতে হস্তক্ষেপ করার তাদের কোনো অধিকার নেই। ছবিটি নিয়ে তাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আদালতে যাক। এভাবে সবাইকে হুমকি দেওয়া অন্যায়।’
সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’ নিয়ে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এ ছবি নিয়ে রাজনৈতিক অস্থিরতার ঢেউ রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়েছে। হরিয়ানার বিজেপির পক্ষ থেকে ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দর হেঁকেছে ১০ কোটি রুপি। রাজস্থানের রাজনৈতিক সংগঠন করনি সেনা দীপিকার নাক কেটে শূর্পণখা বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ‘পদ্মাবতী’কে কলকাতায় মুক্তির জন্য আহ্বান জানালে তাঁকেও হুমকি দেয় হরিয়ানার বিজেপি। তাঁদের হুঁশিয়ারি, দীপিকার পাশাপাশি মমতার দশাও নাকি শূর্পণখার মতো হবে।
‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হুমকিকে ঘিরে রীতিমতো চিন্তায় বলিউডের মেকআপ, সাউন্ড, হেয়ার ড্রেসার, ক্যাটারিংসহ বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা। তাঁদের কণ্ঠে রীতিমতো হতাশার সুর। বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে, তাই তাঁরা কাজ করতে পারছেন। কিন্তু এসব হুমকির জন্য নির্মাতারা যদি বড় বাজেটের ছবি তৈরি বন্ধ করে দেন, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন এই শিল্পীরা। তাঁদের রোজগার প্রায় বন্ধ হয়ে যাবে। আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হবে তাঁদেরকে। তাই এই শিল্পীরাও চান, অবিলম্বে এই রাজনৈতিক সংগঠনগুলোর দাদাগিরি বন্ধ হোক।