অন্য কঙ্কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্কণা সেন শর্মা এখন চিত্রনাট্য লেখায় হাত দিয়েছেন
কঙ্কণা সেন শর্মা এখন চিত্রনাট্য লেখায় হাত দিয়েছেন

মায়ের পথেই হাঁটছেন কঙ্কণা সেন শর্মা। অবশ্য বাবার কথাও বলতে হবে। লেখালেখির নেশা মায়ের কাছ থেকেই শুধু নয়, কঙ্কণা পেয়েছেন বাবার কাছ থেকেও। বাবা মুকুল শর্মা নিজেও সুখ্যাত লেখক ও সাংবাদিক। আর মা তো অপর্ণা সেন। ফলে কঙ্কণা যে এক সময় লেখালেখিতে হাত দেবেন, এটা তো ছিল সময়ের ব্যাপার।
অবশেষে কঙ্কণা চিত্রনাট্য লেখায় হাত দিলেন। জানালেন, মায়ের মতো পরিচালনা করার ইচ্ছাও আছে তাঁর। মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, পেজ থ্রি, ওয়েক আপ সিড, গয়নার বাক্সর মতো অসাধারণ সব ছবি উপহার দেওয়া কঙ্কণা কিছুদিন ধরে ক্যামেরা থেকে দূরে আছেন। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি এক থা ডায়েন। কঙ্কণা বলেছেন, ‘আমি একটা বাংলা ছবি করছিলাম। কয়েকটা হিন্দি ছবিও করেছি। নিজের ছোট্ট বাচ্চাটিকেও এর মধ্যে সময় দিচ্ছিলাম। তা ছাড়া আমি একটা স্ক্রিপ্টও লিখছি।’
শুধু কি লিখবেন? লাইট, ক্যামেরা, অ্যাকশন কি বলবেন না? কঙ্কণা জানালেন, পরিচালক হওয়ার ইচ্ছেটার কথাও, ‘দেখা যাক। আমার তো খুব ইচ্ছা যত দ্রুত সম্ভব পরিচালনার কাজে নেমে পড়ার।’ আইএএনএস।