অপরাহর মতো রানীও

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের মতো বলিউডের অভিনেতারা ছোট পর্দার অনুষ্ঠান সঞ্চালনা করে সফল হয়েছেন। এবার সে খাতায় নাম লেখাতে চান বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। সম্প্রতি মার্কিন মুলুকের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রে সঞ্চালিত অপরাহ্ উইনফ্রে শোয়ের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করার আগ্রহ প্রকাশ করেছেন রানী।
রানীর কাছের বন্ধু ও সহ-অভিনেতা আমির খান ‘সত্যমেভ জয়তে’ টিভি অনুষ্ঠান সঞ্চালনা করে দারুণ প্রশংসিত হয়েছেন। আমিরের পথ অনুসরণ করার ইচ্ছে আছে কি না, জানতে চাইলে রানী বলেন, ‘আমি আশা করছি, আমার ক্ষেত্রেও যেন তেমনটা ঘটে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
রানী আরও বলেন, ‘অপরাহ্ উইনফ্রে যেমন টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেন তেমন কোনো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করতে চাই আমি। অপরাহ্ উইনফ্রে তাঁর অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষদের নিয়ে আসেন। আমিও সে ধরনের অনুষ্ঠান করতে আগ্রহী।’
এদিকে ২২ আগস্ট মুক্তি পাওয়া ‘মারদানি’ ছবিতে অনবদ্য অভিনয় করায় বিভিন্ন মহলের প্রশংসা পাচ্ছেন রানী। প্রদীপ সরকার পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন রানী। ছবির দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
রানী বলেন, ‘ছবিটিতে অভিনয় করে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করে অনেকেই বলছেন, দৃশ্যগুলো বাস্তবসম্মত হয়েছে। অ্যাকশন দৃশ্যে অভিনয় করাটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সাধারণ মানুষের ধারণা, অ্যাকশন দৃশ্য কেবল অভিনেতারাই ভালো করতে পারেন। কিন্তু বর্তমান প্রজন্মের অনেক ছেলের কাছ থেকেই আমি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছি। সত্যিই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।’