অবশেষে অরিন্দমা...

‘অবশেষে অরিন্দমা কহিলা হরষে! চাঁদ উঠিলে কি আর লুকাইয়া রাখা যায়?’ আর বেশি দিন লুকোছাপা করা গেলও না। অবশেষে দীপিকা পাড়ুকোন আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেন রণবীর সিংয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের সত্যতা।
কয়েক দিন আগে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুপস্থিত দীপিকার হয়ে পুরস্কারটি নেন রণবীর। তখনই রণবীরের কথাবার্তায় প্রেমে গদগদ একটা সুর ছিল। আভাস মিলছিল, এ নিয়ে আর ঢাকঢাক গুড়গুড় নয়। এবার আরেকটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দীপিকা বলেই ফেললেন, ‘প্রেম করেছি, বেশ করেছি।’
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে অংশ নিতে আসা দীপিকাকে ছেঁকে ধরেছিেলন এক দঙ্গল সাংবাদিক। আর তখনই রণবীরকে তিনি ‘বয়ফ্রেন্ড’ অভিহিত করেন। এক রণবীরের সঙ্গে যখন সুখের সংসার পেতে বসেছেন, দীপিকারই সাবেক প্রেমিক আরেক রণবীরের প্রেমের ঘর ভেঙেছে বলেই গুঞ্জন। ছাড়াছাড়ি হয়ে গেছে রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের। এ নিয়েও প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে।
এবার দীপিকা আবারও ‘মুখে কুলুপ’ এঁটে দিলেন। নদীর এক পাড় ভাঙে, আরেক পাড় গড়ে...এই তো নিয়তি! টিওআই।