অবশেষে ছেলের সঙ্গে দেখা করতে জেলে শাহরুখ
অবশেষে বাবা-ছেলের দেখা হলো। আজ বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে বলিউড সুপারস্টার শাহরুখ খান আর্থার রোড জেলে গিয়েছিলেন।
গতকাল বুধবার জামিন পাননি আরিয়ান। মাদক-কাণ্ডে অভিযুক্ত এই তারকাপুত্র এখন বিচারিক হেফাজতে রয়েছেন। ১৩ দিন ধরে তিনি মুম্বাই আর্থার রোড জেলে সাধারণ কয়েদিদের মতো জীবন যাপন করছেন। আজ সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে শাহরুখ গিয়েছেন বলে খবর। জানা গেছে, ১৫ থেকে ২০ মিনিটের মতো তিনি জেলের মধ্যে ছিলেন।
কিং খানের পরনে ছিল ধূসর রঙা টিশার্ট, চোখে রোদচশমা, মুখে কালো মাস্ক। এর আগে শাহরুখ আর গৌরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন আরিয়ান। শোনা গিয়েছিল, এ সময় আরিয়ান শুধুই কেঁদে গিয়েছিলেন।
গতকাল সবাই আশায় ছিলেন, সেশন কোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করবেন। কিন্তু আদালতের রায় সবাইকে নিরাশ করেছে। জানা গেছে, জামিন মঞ্জুর না হওয়ার খবর শোনার পর আরিয়ান আরও ভেঙে পড়েছেন।
তিনি জেলের ব্যারাকের এক কোণে চুপচাপ বসে ছিলেন। এই কদিন শাহরুখপুত্র অন্য সবাইকে বলে আসছেন যে তিনি নিরপরাধ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক সেবন আর আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনেছে। আরিয়ানের আইনজীবীরা আজ উচ্চ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।