অবশেষে নিজভূমে

অস্ট্রেলিয়া থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক করার পর নিজ দেশ শ্রীলঙ্কায় সাংবাদিকতা করতেন। এরপর নামলেন মডেলিংয়ে। ২০০৬ সালে জিতলেন ‘মিস শ্রীলঙ্কা’র মুকুট। এরপর হঠাৎ দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমালেন জ্যাকুলিন ফার্নান্দেজ। পুরোদস্তুর বলিউডেরই সদস্য বনে গেলেন। কয়েকটি ব্যবসাসফল ছবি দিয়ে সেখানে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন তিনি। তবে মানুষ ভিনদেশে যত সফলই হোক না কেন, নিজ দেশের মায়া কি আর সহজে ছাড়া যায়? এ জন্যই হয়তো এবার জ্যাকুলিন ফিরেছেন নিজ দেশ শ্রীলঙ্কায়। প্রথমবারের মতো অভিনয় করছেন নিজ দেশের ছবিতে।
সম্প্রতি এই কিক নায়িকা একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাতে লেখেন, ‘অ্যাকর্ডিং টু ম্যাথিউ…আসছে শিগগিরই! আমার প্রথম শ্রীলঙ্কান ছবি।’ ইনস্টাগ্রামের ওই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় শ্রীলঙ্কান অভিনেতা ও সংগীতশিল্পী আলস্টন কোচকে। চলচ্চিত্রের নাম অ্যাকর্ডিং টু ম্যাথিউ। ১৯৭৯ সালে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ম্যাথিউ পিয়েরিস নামের এক ব্যক্তির ঘটনা নিয়ে এই ছবি তৈরি। এর পরিচালক চন্দ্রন রত্নম।
বলিউড মাত করার পর শ্রীলঙ্কার দিকে পা বাড়ানো এই অভিনেত্রী কিন্তু হলিউডেও অভিষেক ঘটাতে যাচ্ছেন শিগগিরই। তাঁর অভিনীত ডেফিনিশন অব ফিয়ার ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তা ছাড়া কাজ চলছে অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে করন জোহরের প্রযোজনায় ব্রাদার্স ছবির। এনডিটিভি।