অবশেষে প্রকাশ্যে শাহরুখ, মুখে জয়ের হাসি

আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন কিং খান।ছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে এত দিন কোনো কথাই বলেননি, বৃহস্পতিবার সেই মুখে দেখা গেল হাসি। এ যেন যুদ্ধজয়ের হাসি! আরিয়ান খানের জামিন নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন যে আইনজীবীরা, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান।
বৃহস্পতিবার আরিয়ানসহ এই মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেন মুম্বাই হাইকোর্ট। খবর পেয়ে শাহরুখের বুক থেকে যেন পাথর সরল। প্রকাশ্যে এল আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি। আর্থার রোড জেলের বাইরের সেই বিষণ্ন মুখে আজ জয়ের হাসি।

আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দেখা করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সতীশ মানশিন্ডে ও তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাহরুখ খান।

বাদশার চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। ম্যানেজার পূজা দাদলানি ও মাদক-কাণ্ডে আরিয়ানের আইনজীবীদের সঙ্গে শাহরুখ।
ছবি: এএনআই

আদালতে আরিয়ানের হয়ে যুক্তি উপস্থাপন করেছেন সতীশ মানশিন্ডে। সেশন কোর্ট এবং হাইকোর্টেও আরিয়ানের আইনি দলের অংশ ছিলেন এই দুঁদে আইনজীবী। সাদা টি-শার্ট এবং কালো প্যান্টে শাহরুখের একঝলক দেখে আপ্লুত ভক্তরা। টুইটারে সে ছবি দেখে শাহরুখের সুপারহিট ছবির সংলাপ দিলেন অনেকেই, ‘হারকে জিতনেবালো কো বাজিগর কাহতে হ্যায় (হেরেও জিতে যাওয়াদের বলে বাজিগর)।’

আরিয়ানের আইনজীবীদের সঙ্গে শাহরুখ খান

জামিন পেলেও আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান, এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। শুক্রবার জামিনের রায়ের প্রতিলিপি হাতে এলেই শুরু হবে আরিয়ান খানের আর্থার রোড জেলের বাইরে আসার প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ফিরবেন আরিয়ান খান। শাহরুখ–ভক্তরা বলছেন আরিয়ানের আপাতত মুক্তিই হতে চলেছে শাহরুখ খানের ‘শুক্রবারের সবচেয়ে রিলিজ।’

বিষণ্ন মুখে আজ জয়ের হাসি

২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। ৩ তারিখ তাঁকে গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দী আরিয়ান। গত ২৫ দিনে বেশ কয়েক বার জামিনের আবেদন করেছেন শাহরুখপুত্র। কিন্তু গতকালের আগপর্যন্ত প্রতিবারই খারিজ হয়েছে আবেদন।