অবশেষে বিরাট-আনুশকার স্বীকারোক্তি

বেশ কিছুদিন ধরেই বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের নতুন জুটি হিসেবে উচ্চারিত হচ্ছে আনুশকা শর্মা ও বিরাট কোহলির নাম। কিন্তু বরাবরই প্রেমের কথা অস্বীকার করে নিজেদের স্রেফ বন্ধু বলেই দাবি করেছেন তাঁরা। অবশেষে সুর পাল্টেছেন বিরাট-আনুশকা। সরাসরি প্রেম নিয়ে কথা না বললেও সম্প্রতি একটু ঘুরিয়ে-পেঁচিয়ে প্রেমের কথা স্বীকার করেছেন আলোচিত এ তারকা যুগল।
একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে বিরাট-আনুশকার সখ্য গড়ে ওঠে। তাঁদের প্রেমের খবর প্রথম চাউর হয় গত বছরের নভেম্বরে। এরপর বহুবার তাঁদের অভিসারে মেতে উঠতে দেখা গেছে। কিন্তু বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে কখনোই প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা।
এখন পর্যন্ত বহুবার প্রেম-সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরাট ও আনুশকাকে। সম্প্রতি এমনই এক প্রশ্নের জবাবে আনুশকা বলেন, ‘আমি খেয়াল করেছি, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার এক মিনিটের মধ্যেই ঘুরে-ফিরে বিরাট ও আমার প্রেমের বিষয়টি টেনে আনা হয়। ভালোবাসা দিবসে কী করছি বা জন্মদিনে সে আমাকে কী উপহার দিল—এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাকে। লজ্জায় দূরে সরে গিয়ে কখনোই সম্পর্ককে অশ্রদ্ধা করতে চাই না আমি। আমি আগেও বলেছি, সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলার পক্ষপাতী আমি নই। আমরা যা করছি প্রকাশ্যেই করছি।’
আনুশকা আরও বলেন, ‘আমরা যখন একসঙ্গে নৈশভোজে যাই কিংবা খেলা দেখতে মাঠে যাই, তখন সবাই তা দেখতে পান। এত কিছুর পরও মানুষ যদি মৌখিক স্বীকারোক্তি চান, তবে আমি কেন তা দেব? ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার ব্যক্তিগত জীবনকে সার্কাসে পরিণত হতে দিতে পারি না আমি।’
এদিকে আনুশকার সুরেই কথা বলেছেন বিরাট কোহলি। আনুশকার সঙ্গে প্রেম নিয়ে বিরাটের ভাষ্য, ‘আমরা কিছুই গোপন করছি না, গোপন করার চেষ্টাও করছি না। আমি কিছুই লুকাতে চাই না। কিন্তু সবাই যদি একই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করেন এবং বিষয়টিকে বিতর্কের পর্যায়ে নিয়ে যান, তাহলে যাঁদের নিয়ে এমনটি করা হয় তাঁরা ঠিক অনুভব করেন না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।
বিরাট আরও বলেন, ‘আমার ও আনুশকার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা এরই মধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। বিষয়টি নিয়ে এত বেশি কৌতূহল প্রকাশের আর দরকার নেই। প্রায়ই আমাদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। তার পরও আমাদের প্রেমের বিষয়টি নিশ্চিত কি না, তা জানার জন্য বারবার প্রশ্ন করা হচ্ছে। আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানেন, তাহলে ঘুরে-ফিরে একই প্রশ্ন কেন করেন? এটা তো সাধারণ জ্ঞানের ব্যাপার। নিজের বিচার-বুদ্ধিকে কাজে লাগালেই তো এর উত্তর পাওয়া যায়। বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি না। কারণ এটি আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। মিডিয়া ও অন্যান্য সবার উচিত আমাদের ব্যক্তিগত জীবনকে শ্রদ্ধা করা।’
আরও পড়ুন: