অবশেষে রাজি বিদ্যা বালান!

গত বছর বিদ্যা বালান এক রকম ফিরিয়েই দিয়েছিলেন বন্ধু নির্মাতা সুজয় ঘোষকে। সুজয় তাঁর নতুন ছবি ‘দুর্গা রানী সিং’-এর জন্য বিদ্যাকে অনুরোধ করলেও সে সময় রাজি হননি এই ‘পরিণীতা’ তারকা। অবশ্য এ বছর দুই বন্ধুর দেখা হওয়ার পর সুজয় যখন বিদ্যাকে আবারও তাঁর নতুন ছবির কথা জানান, সে সময় বিদ্যা এক কথাতেই রাজি হয়ে যান। সুজয়ের এই নতুন ছবিটিই সেই ‘দুর্গা রানী সিং’। অবশেষে ‘দুর্গা রানী সিং’ ছবিতে কাজ করতে রাজি হয়েছেন বিদ্যা।
২০১২ সালের ডিসেম্বরে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করে সংসার শুরু করেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী বিদ্যা বালান।
প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়েই সবাইতে তাঁর জাত চিনিয়েছিলেন বিদ্যা বালান। এরপর ‘পা’ ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত অমিতাভের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর স্টার স্ক্রিন পুরস্কার পান বিদ্যা বালান।
বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গেছে মোহিত সূরির ‘হামারি আধুরি কাহানি’ ছবিতে। একটি মারাঠি ছবিতেও বিশেষ ভূমিকায় অভিনয় করবেন তিনি। মারাঠি এই ছবিটি প্রয়াত নির্মাতা-অভিনেতা ‘ভগবান দাদা’কে নিয়ে নির্মাণ করা হচ্ছে। আর বিদ্যা বালান এখানে অভিনয় করবেন ভারতের চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেত্রী গীতা বালির ভূমিকায়। টাইমস অব ইন্ডিয়া।