অবশেষে শহীদের ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার!

সম্প্রতি বলিউডের তারকা শহীদ কাপুরের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। অবশ্য হ্যাক হওয়ার বিষয়টি টের পাওয়ার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন শহীদ কাপুর।
শহীদ তাঁর টুইট বার্তায় লিখেছেন, ফেসবুক অ্যাকাউন্টটি আবারও সচল হয়েছে।
এর আগে গত শুক্রবার তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার খবর জানিয়েছিলেন এই বলিউডের তারকা। খুদে ব্লগ সাইট টুইটারে শহীদ জানিয়েছিলেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে। এটি দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে যদি তাঁর অ্যাকাউন্টের অস্বাভাবিক কোনো বিষয় কারও নজরে পড়ে সে ক্ষেত্রে মনে করতে হবে, বিষয়টি তিনি করেননি।
যা হোক, শেষপর্যন্ত বড় কোনো ধরনের বিপত্তি ঘটার আগেই শহীদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি আবারও সচল করতে পেরেছেন।
বলিউড তারকাদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। এই সেপ্টেম্বর মাসেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা ‘মেগা স্টার’ অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।
আর এবারে হ্যাকিংয়ের সর্বশেষ শিকার হয়েছেন অভিনেতা শহীদ কাপুর। ইন্দো-এশিয়ান নিউজ। মিড-ডে।