অবসাদগ্রস্ত হৃতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

শুরুটা হয়েছিল দীপিকাকে দিয়ে। একসময় অবসাদে ভুগছিলেন এ অভিনেত্রী। সে তালিকায় পরে নাম চলে আসে পরিচালক করণ জোহরের। এবার হৃতিক জানালেন, তিনিও ভুগছিলেন এ রোগে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এ অভিনেতার ছবি ‘মহেঞ্জোদারো’। ঐতিহাসিক এই ছবিটি ঘিরে বেশ আলোচনা হলেও তেমন ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। ওদিকে কঙ্গনা রনৌত ও তাঁর ব্যক্তিগত সম্পর্কের জের ধরে বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন হৃতিক। এবার অবসাদের সঙ্গে লড়াইয়ের কথাও জানালেন এ অভিনেতা। হৃতিক বলেন, অবসাদ নিয়ে তাঁর বেশ অভিজ্ঞতা আছে। এটা তাঁর কাছে খুব স্বাভাবিক একটি বিষয়। তিনি মনে করেন, সবার জীবনেই উত্থান-পতন আসে।
অভিনেতা অবসাদকে অন্য রোগের মতোই একটি রোগ হিসেবে তুলে ধরে বলেন, মাঝেমধ্যে অন্যের দ্বারা নিজের যত্ন নিতে হয়। যখন কিডনির কোনো সমস্যা হয়, তখন সবাই শান্ত থাকে ও চিকিৎসা নেয়। কিন্তু যখন ব্রেইনের কোনো সমস্যা হয়, তখন এটাকে কেন ভুল হিসেবে ধরা হয়। এটাও শরীরের অন্য অঙ্গের মতোই একটি অঙ্গ। কেন সবাই এ সমস্যাটিকে গোপন করতে চায়?
এখন হৃতিক তাঁর ছবি ‘কাবিল’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগেই ছবির শুটিং শেষ করেছেন এ অভিনেতা। ট্রেলার মুক্তি পাওয়ার কথা আগামী সপ্তাহে। মিড ডে