অভিজিতের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ ভট্টাচার্য
অভিজিৎ ভট্টাচার্য

গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে পূজা মণ্ডপে নারীকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগ উঠেছে। গত বুধবারের এ ঘটনায় ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বেশ কিছু দিন ধরে নানা মন্তব্যের জন্য আলোচনা ও সমালোচনার মুখে পড়ছেন অভিজিৎ ভট্টাচার্য। সালমান খানের গাড়ি চাপায় মৃত্যুর ঘটনায় ফুটপাথে বসবাসকারীদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গায়ক। দিন কয়েক আগে পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল করায় শিব সেনাকে সমর্থন করেন। এই দুই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। আর এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্গা পূজা দেখতে ওই নারী মুম্বাইয়ের লোখান্ডওয়ালার মণ্ডপে গিয়েছিলেন। অভিজিৎ এই পূজা আয়োজনের সঙ্গেই জড়িত। এ সময় গায়ক তাঁকে হেনস্তা করতে শুরু করেন। এ ব্যাপারে ওই নারী বেশ কয়েক বার অভিজিৎকে সতর্ক করেন। হেনস্তার প্রতিবাদ করায় ওই নারীকে অভিজিৎ হুমকি দেন এবং নিরাপত্তারক্ষীদের দিয়ে ধাক্কা মেরে বাইরে বের করে দেন। এর পরই ওই নারী মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে লিখিত গিয়ে অভিযোগ দেন।
তবে নারীকে ‘শ্লীলতাহানি’র অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গায়ক অভিজিৎ। সাংবাদিকদের তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। ৫০ হাজার লোকের মধ্যে আমার পরিবারও সেখানে উপস্থিত ছিল। কোনো ঘটনা ঘটলে অন্য কারও চোখে পড়ত।’ তিনি বলেন, ‘আমাদের পূজায় সবাইকে স্বাগত জানানো হয়। এখানে সবাই আনন্দ করে। তবে পূজায় ভিড় সামলানো পুলিশ ও নিরাপত্তারক্ষীদের দায়িত্ব। তাঁরা সেটাই করেছেন।’