অভিনেতাকে ৪ কোটি টাকার গাড়ি উপহার দিলেন প্রযোজক

কার্তিক আরিয়ানকে প্রায় চার কোটি টাকা মূল্যের স্পোর্টস গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক
ছবি: ইনস্টাগ্রাম

এ প্রজন্মের ‘হার্টথ্রব’ বলিউড তারকা কার্তিক আরিয়ানের খুশির শেষ নেই। এখন তিনি ‘ভুল ভুলাইয়া টু’ ছবির সাফল্যে ডুবে আছেন। তাঁর অভিনীত ছবিটি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। আনিস বাজমি পরিচালিত এই ছবি প্রায় এক মাস আগে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ছবিটি এখনো দাপট দেখিয়ে চলেছে। ছবির প্রযোজক টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার এই ছবি থেকে মোটা অঙ্কের টাকাও পকেটে পুরেছেন।এই সাফল্যের খুশিতে ছবির অভিনেতা কার্তিক আরিয়ানকে প্রায় চার কোটি টাকা মূল্যের স্পোর্টস গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক।

গাড়ি উপহার পাওয়ার কথা ভক্তদের জানিয়ে কার্তিক বলেছেন, পরিশ্রমের ফল মিষ্টি হয়, তা জানতাম
ছবি: ইনস্টাগ্রাম

প্রযোজকের কাছ থেকে সোয়ানকি অরেঞ্জ ম্যাকলরেন গাড়িটি পেয়ে এই বলিউড তারকা দারুণ খুশি। তিনি এই খুশির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কার্তিক তাঁর ইনস্টাগ্রামে নতুন এই গাড়ির ছবি পোস্ট করেছেন। ছবিগুলোর ক্যাপশনে কার্তিক মজার ছলে লিখেছেন, ‘চাইনিজ খাওয়ার জন্য নতুন টেবিল উপহার হিসেবে পেয়েছি। পরিশ্রমের ফল মিষ্টি হয়, তা জানতাম। কিন্তু এত বড় হয়, তা জানা ছিল না। ভারতের প্রথম ম্যাকলরেনের মালিক আমি। এরপরের উপহার প্রাইভেট জেট, স্যার।’

আরও পড়ুন
হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ান
ভাস্কর মুখার্জি

ম্যাকলরেন এই প্রথম ভারতে আনা হলো। আর প্রথম জিটি গাড়ির মালিক হলেন কার্তিক আরিয়ান। জিটি এমনই এক গাড়ি, যা লম্বা ড্রাইভিং আর উচ্চগতির কথা মাথায় রেখে বানানো হয়েছে।
ভূষণ কুমারের সঙ্গে কার্তিক আরিয়ানের ফিল্মি ভ্রমণ দুর্দান্ত। এই প্রযোজক প্রথমবার ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে কার্তিকের সঙ্গে কাজ করেছিলেন। এই জুটি আবার নিয়ে আসছে ‘শাহজাদা’ ছবিসহ আরও নানান প্রকল্প। কার্তিক সম্পর্কে ভূষণ কুমার বলেন, ‘কার্তিক আরিয়ান অত্যন্ত প্রগতিশীল আর প্রাণবন্ত অভিনেতা। পেশাগত সম্পর্ক দিয়ে আমাদের ভ্রমণ শুরু হয়েছিল। আজ আমরা অনেক দূর এগিয়ে গেছি। প্রতিটি প্রকল্পে সে নিজেকে নিংড়ে দেয়, যা সত্যিই প্রশংসনীয়। এই স্পোর্টস কার কার্তিক আরিয়ানের নিরলস পরিশ্রম আর ধৈর্যের প্রতীকমাত্র।’

কার্তিক আরিয়ান
ছবি: সংগৃহীত

২০০৭ সালে অক্ষয় কুমার আর বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। এর সিকুয়েল ‘ভুল ভুলাইয়া টু’ ঘোষণা করার পর থেকে অক্ষয়ের সঙ্গে বারবার কার্তিক আরিয়ানের তুলনা টানা হচ্ছিল। কার্তিকের এই সফলতা সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছে। কার্তিক ছাড়া এই ছবিতে আছেন কিয়ারা আদবানি, টাবু, সঞ্জয় মিশ্রা, মিলিন্দ গুনাজি, রাজপাল যাদব, রাজেশ শর্মা প্রমুখ। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৯৫ কোটি টাকা।